অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায় নাগরিক যুব ঐক্য
অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে নাগরিক যুব ঐক্য। আর এই অন্তর্বর্তী সরকারে আওয়ামী লীগের থাকার কোনো অধিকার নেই বলেও মনে করছে সংগঠনটি।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে এসব দাবি জানায় নাগরিক যুব ঐক্য। সমাবেশে দলটির নেতা-কর্মীরা বলেন, ছলচাতুরী ও টালবাহানা না করে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন দিয়ে নতুন সরকার গঠন করতে হবে।
এ সময় নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম বলেন, সরকার বিগত নির্বাচনে গণতন্ত্র ধ্বংস করেছে। এ দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। এই স্বাধীনতা ও মানুষের নিরাপত্তাকে যারা বিঘ্নিত করেছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
নাগরিক যুব ঐক্যের সমন্বয়ক কবীর হাসান বলেন, সরকার-দলীয় নেতাদের কারোরই দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা নেই। এখন তাঁদের ক্ষমতা ছাড়তে হবে। গুম, খুন, ভোট চুরি, দুর্নীতি ও পাচারের বিচার হওয়া ছাড়া আওয়ামী লীগের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না।
কবীর হাসান আরও বলেন, জনগণ চায় না, তাই অন্তর্বর্তী সরকারে আওয়ামী লীগের থাকার কোনো অধিকার নেই। তাদের ছাড়াই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
নাগরিক যুব ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য সালমান ফারসীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম, সদস্য খলিলুর রহমান, নাগরিক যুব ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য শাম্য শাহ, শামীম আহমেদ, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।