অন্য কেউ দেশপ্রেমের কথা বললে মানায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ দেশপ্রেমের কথা বললে তা মানায় না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, মায়ের চেয়ে মাসির দরদ বেশি হতে পারে না। যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ততবারই দেশে উন্নতি হয়েছে। ২০১৪ ও ২০১৫ সালের তিন মাস দেশে জ্বালাও-পোড়াও ও সীমাহীন নাশকতার মধ্যেও সরকার চাষিদের দুয়ারে সময়মতো সার পৌঁছে দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় ডিএপি (ডাই-অ্যামোনিয়া ফসফেট) ফার্টিলাইজার কোম্পানিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গত বছরের ২২ আগস্ট ওই কারখানার একটি অ্যামোনিয়া ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানার পাশের বিভিন্ন পুকুর, খাল ও ছড়ার মাছ মরে যায়। এলাকার গবাদিপশুরও ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কারখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী।

অনুষ্ঠানে ৫০ জন মাছ চাষিসহ মোট ৫৩ জনকে প্রায় সাড়ে ৩৪ লাখ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়।

বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এতে বক্তব্য দেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল জলিল, বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, সরকার কথা নয়, কাজে বিশ্বাসী বলেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ক্ষতিপূরণ পাচ্ছেন।