অন্য দলের চোখে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের চোখে বিএনপি কোনো রাজনৈতিক দলই নয় বরং একটি প্ল্যাটফর্ম। এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি মনে করে, বিএনপির কোনো সত্যিকার আদর্শ নেই। আর বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর দৃষ্টিতে বিএনপি এখনো জনপ্রিয় দল। তবে দলটিতে আগের মতো নানা মত-পথের সমন্বয় নেই।

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠার ৩৬ বছরে দলটির মূল্যায়ন জানতে প্রথম আলো যোগাযোগ করেছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে।

বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বদরুদ্দোজা চৌধুরী প্রথম আলোকে বলেন, জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, তখন দেশে গণতন্ত্রহীনতা বিরাজ করছিল। তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেন। তিনি ছিলেন দেশপ্রেমিক এবং জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করেছেন। বিএনপি এখন কতটুকু সফল, তা আলোচনার অপেক্ষা রাখে। বিএনপির ওপর নানা ঘাত-প্রতিঘাত এসেছে। কিন্তু বিএনপি এখনো জনপ্রিয় দল। সরকারের কঠোর অবস্থানের মুখেও যদি বিএনপি সাবধানে চলে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে, তাহলে তাদের জনপ্রিয়তা থেকে যাবে। তিনি বলেন, শুরুতে বিএনপিতে নানা মত-পথের সমন্বয় হয়েছিল। এখন হয়তো বিএনপির সেই বৈশিষ্ট্য নেই। বিএনপি আরও উদার হতে পারে।

আওয়ামী লীগ: বিএনপিকে মূল্যায়ন করতে গিয়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, কৃত্রিম পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশের স্বপ্ন নিয়ে। সেই বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে বিএনপির অস্তিত্ব একসঙ্গে চলতে পারে না। বাংলাদেশকে পাকিস্তানীকরণ, ইতিহাস বিকৃতীকরণ, গণতান্ত্রিক অধিকার হরণ ও বঙ্গবন্ধু পরিবারকে নৃশংসভাবে হত্যার পর ইনডেমনিটি আইন—এসব করে বিএনপি যে অপরাধ করেছে, তা ক্ষমাহীন। তার চেয়ে বড় হলো, তারা জাতির অহংকার শহীদদের রক্তে রাঙা পতাকা স্বাধীনতাবিরোধীদের হাতে তুলে দিয়েছে, তাদের পুনর্বাসিত ও পুরস্কৃত করেছে।

জাতীয় পার্টি: জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, বিএনপি বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেছিলেন ‘আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ানস।’ তিনি আসলেই রাজনীতিকদের জন্য রাজনীতি কঠিন করে দিয়েছেন। তিনি বলেছিলেন ‘মানি ইজ নো প্রবলেম’। বিএনপি রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতায় এসেছে। এই দলে অনেক মুক্তিযোদ্ধা আছেন। কিন্তু স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ম্লান করে দিয়েছে। তারা বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলািম মূল্যবোধের কথা বলে কিন্তু ইসলািম মূল্যবোধের কিছুই তাদের মধ্যে নেই। বিএনপি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় ছিল, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, তারা সরকার থেকে বিদায় নেওয়ার সময় প্রতিবারই জনরোষের শিকার হয়েছে।

গণফোরাম: এই দলের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, বিএনপির জন্ম হয়েছিল সামরিক পোশাক পরে, এটি গণতন্ত্রের সঙ্গে যায় না। কিন্তু পরে নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাদের অভূতপূর্ব ভূমিকা ছিল। ওই সময় খালেদা জিয়া আপসহীন নেত্রী উপাধি পান। তাঁর এ ধরনের ভূমিকা জনগণ মূল্যায়ন করেছিল বিএনপিকে নির্বাচিত করে। কিন্তু বিএনপি-আওয়ামী লীগ দুই দলই নব্বইয়ের অঙ্গীকার ভঙ্গ করেছে। এখানেই বাংলাদেশের রাজনীতি অনেক পিছিয়ে গেছে।

যোগাযোগ করা হলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।