অন্য দেশের সহযোগিতা চাওয়া লজ্জার: এরশাদ
একটি স্বাধীন-সার্বভৌম দেশের নাগরিক নিজ দেশের নৈরাজ্য দূর করতে অন্য দেশের সহযোগিতা চাওয়া লজ্জার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা ও ইফতার অনুষ্ঠানে এরশাদ এ মন্তব্য করেন। ঢাকা মহানগর জাপার দক্ষিণ কমিটি এর আয়োজন করে।
বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা নিজেদের নিরাপত্তা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চান বলে ভারতের বার্তা সংস্থা পিটিআই খবর পরিবেশনের পর তা নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই প্রতিবেদনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ও অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃত করা হলেও তাঁরা দুজনই তাঁদের বক্তব্যের স্পর্শকাতর অংশ অস্বীকার করেছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ আজ বলেন, ‘খবরের কাগজ পড়লেই দেখি খালি রক্ত। নয় বছর ক্ষমতায় ছিলাম, এভাবে রক্তপাত হয়নি। আজ আমাদের দেশে মানুষ ভারতের সহযোগিতা চাইছে এই দুর্বিষহ অবস্থা থেকে রক্ষার করার জন্য। আমরা স্বাধীন-সার্বভৌম দেশ। এখানকার নাগরিকেরা যদি অন্য দেশের সহযোগিতা চায় নৈরাজ্য দূর করার জন্য, এর চেয়ে লজ্জার আর কী হতে পারে।’
জাতীয় পার্টিকে শক্তিশালী ও সংগঠিত করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে এরশাদ বলেন, বন্দুকযুদ্ধে প্রতিদিন মানুষ খুন হচ্ছে। এর পরিবর্তন দরকার। আর এই পরিবর্তন করতে পারে একমাত্র জাতীয় পার্টি। তাই নৈরাজ্য, গুম-খুন বন্ধ করার জন্য জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে।
এরশাদ সভায় উপস্থিত নেতা-কর্মীদের কাছে জানতে চান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি কতটিতে জয়ী হয়েছে। এরশাদ নিজেই এর উত্তরে বলেন, ‘তোমরা কেউ বলতে পারবে না। তার কারণ জাতীয় পার্টি সম্পর্কে তোমাদের কোনো উৎসাহ নেই। শেষ পর্যন্ত ৭১টিতে জয়লাভ করেছি আমরা। যাদের শক্তি-অস্ত্র আছে, তারাই জয়ী হয়েছে। আমরা শক্তিতে, অস্ত্রে বিশ্বাস করি না। আমরা যেখানে জয়ী হয়েছি, সেখানে জনপ্রিয়তার কারণেই জয়ী হয়েছি।’
সভায় জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, দলের সাংসদ মাঈদুল ইসলাম, নূরে হাসনা লিলি চৌধুরী, ইয়াহিয়া চৌধুরী, সেলিম উদ্দিন, সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সল চিশতী, সাইদুর রহমান, আবদুস সবুর আসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জাপার সাংসদ ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা।
আরও পড়ুন: