
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগ ও বিএনপির চোখ এখন বিভিন্ন ‘ভোটব্যাংকের’ ওপর। নিজেদেরটা সুরক্ষিত রেখে অন্যের ভোটব্যাংক থেকে ভোটার টানতে নানা কৌশলে প্রচার ও তৎপরতা চালাচ্ছেন প্রার্থী ও তাঁদের দলের নেতা-কর্মীরা।
২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির সাখাওয়াত হোসেন খান।
এই বিষয়ে ওয়াকিবহাল স্থানীয় বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জে ‘ভোটব্যাংক’ বলতে হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘুদের প্রায় ৫০ হাজার ভোটার, জামায়াতে ইসলামীর প্রায় ২২ হাজার ভোটার, নগরের সিদ্ধিরগঞ্জে বিএনপি-অধ্যুষিত এলাকা, বন্দর এলাকায় দলের বাইরে আইভীর নিজস্ব সমর্থকগোষ্ঠী ও ওসমান পরিবারের অনুগত ভোটারদের বোঝায়।
জামায়াত এই এলাকায় কখনো স্থানীয় সরকার নির্বাচন করেনি। ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে গড়ে ৫ শতাংশের মতো ভোট পেয়েছে জামায়াত। এই হারের ওপর নির্ভর করে দলটির ভোটব্যাংকের হিসাব ধরা হয়েছে।
এর মধ্যে সংখ্যালঘুদের ভোটব্যাংক আওয়ামী লীগের বা আইভীর পক্ষে আর জামায়াতের ভোট বিএনপির প্রার্থীর দিকে যাবে বলে মনে করা হয়।
অবশ্য স্বাধীনতার পর নারায়ণগঞ্জ পৌরসভায় চারবার নির্বাচন হয়েছে। চারবারই আওয়ামী লীগের প্রার্থী জিতেছেন। আর সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর প্রথম নির্বাচনে জিতেছেন সেলিনা হায়াৎ আইভী। আইভী আওয়ামী লীগের রাজনীতি করলেও গত নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ছিলেন শামীম ওসমান। ওই নির্বাচনে আইভীর কাছে ১ লাখ ২ হাজার ভোটে পরাজিত হন শামীম ওসমান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কোতোয়ালি, বন্দর ও সিদ্ধিরগঞ্জ—এই তিনটি থানা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার প্রায় ৪ লাখ ৮০ হাজার। এর মধ্যে প্রায় পৌনে ২ লাখ ভোটার সিদ্ধিরগঞ্জে। অতীতের বিভিন্ন নির্বাচনের ফল পর্যালোচনা করে দেখা গেছে, এখানে বিএনপির ভোট বেশি। এ কারণে এই এলাকাকে বিএনপির ভোটব্যাংক বলা হয়। তা ছাড়া সিটি করপোরেশন এলাকার মধ্যে এই এলাকায় উন্নয়নও কম হয়েছে।
আইভী ৫ ডিসেম্বর আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে অনানুষ্ঠানিক প্রচারে টানা ছয় দিন সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরেছেন। আনুষ্ঠানিক প্রচারও তিনি সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ড থেকে শুরু করেন। এই এলাকায় ভোট বাড়াতে নিজের লোকদেরও কাজে লাগাচ্ছেন। শামীম ওসমানের ঘনিষ্ঠ ও আইভীর বিরোধী বলে পরিচিত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের বাসায়ও গিয়েছেন তিনি। স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুল মতিন মাস্টারকে সঙ্গে নিয়েও ভোট চেয়েছেন।
সিদ্ধিরগঞ্জ এলাকার বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান। এখানে তাঁর নিজস্ব কর্মী ও অনুগত ভোটারও রয়েছে। এখানকার আওয়ামী লীগের নেতাদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছেন, স্থানীয় সাংসদের সবুজ সংকেত পেলে তাঁরা মাঠে নামবেন। এ ছাড়া নারায়ণগঞ্জ শহরেও ওসমান পরিবারের প্রতি অনুগত কিছু ভোট রয়েছে।
তবে বন্দর এলাকায় অনেক উন্নয়নকাজ হওয়ায় এখানে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে আইভীর নিজস্ব একটি ভোটব্যাংক গড়ে উঠেছে বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে। শহর তথা কোতোয়ালি থানায় আইভীর ভোট রয়েছে। সংখ্যালঘু ভোটারদের মধ্যে দুই-তৃতীয়াংশই কোতোয়ালি থানার বাসিন্দা। বাকিরা সিদ্ধিরগঞ্জ ও বন্দরে।
সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোকে বলেছেন, তিনি এবারও দলমত-নির্বিশেষে ভোট পাবেন। কারণ দলবাজি করেননি। কোনো ক্যাডার বাহিনী গড়ে তোলেননি। গত নির্বাচনে যা প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর অনেক কিছুই বাস্তবায়ন করেছেন।
সংখ্যালঘুদের একচেটিয়া ভোট যাতে আওয়ামী লীগের প্রার্থীর দিকে না যায়, সে জন্য কাজ করার জন্য বিএনপি কেন্দ্রীয়ভাবে একটি কমিটি করেছে। দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে এ কমিটিতে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ১২ জন প্রতিনিধি আছেন। তাঁরা বিএনপির প্রার্থীর পক্ষে গতকাল থেকেই প্রচার ও গণসংযোগ শুরু করেছেন।
একই সঙ্গে সিদ্ধিরগঞ্জে দলীয় প্রার্থীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বেশি ভোটে এগিয়ে রাখতে ব্যাপক প্রচারে নেমেছে বিএনপি। বিএনপির সাবেক সাংসদ গিয়াসউদ্দিনকে প্রধান করে প্রচার চালাতে একটি ১০১ সদস্যের কমিটি করা হয়েছে। এ ছাড়া আইভীর নিজস্ব ভোটব্যাংক বন্দর এলাকায় বিএনপির প্রার্থীর পক্ষে ভোট বাড়াতে ওই এলাকায় দলের সাবেক সাংসদ আবুল কালামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা সব মানুষের কাছে যাচ্ছেন। যেখানে দলের অবস্থা ভালো, সেখানে আরও বেশি করে কাজ করছেন। যেখানে তুলনামূলক খারাপ, সেখানে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। তাঁর দাবি, এই নির্বাচনে ধানের শীষের বিজয় হবে।
সম্প্রতি খালেদা জিয়া শহরে বিএনপির প্রভাবশালী নেতা তৈমুর আলম খন্দকার, বন্দরের আবুল কালাম ও সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিনকে ডেকে নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে বলেছেন। এ ছাড়া স্থানীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন।
নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল প্রথম আলোকে বলেন, এটা ধানের শীষের নির্বাচন। দলীয় প্রধান স্থানীয় বিএনপির নেতাদের বলেছেন, বছরের শেষে নারায়ণগঞ্জের নির্বাচনে তিনি জয় উপহার চান। সেভাবেই তাঁরা কাজ করছেন। তিনি বলেন, সংখ্যালঘু ভোটারদের সামনে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হওয়ার ঘটনাগুলো তুলে ধরা হচ্ছে।
এই নির্বাচনে এখন পর্যন্ত জামায়াতের প্রকাশ্যে কোনো তৎপরতা নেই। কাউন্সিলর পদেও দলটির কোনো নেতা প্রার্থী হননি। জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার প্রথম আলোকে বলেন, বিএনপির প্রার্থীর পক্ষে নামানোর জন্য জামায়াতের নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি।
তবে আইভীর শুভাকাঙ্ক্ষী, ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, আইভী জনপ্রিয় নেতা। বন্দরে ও শহরে আইভীর অবস্থা ভালো। হিন্দু ভোটাররাও আইভীকে পছন্দ করেন। সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রভাব বেশি। তারপরও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় আইভী ব্যক্তি ইমেজের কারণে অনেক ভোট পাবেন।