মাঠপর্যায়ে দলের যেসব নেতা-কর্মী এবং জনপ্রতিনিধি অপকর্ম করছেন, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। সরকারের অর্জনকে যাঁরা ম্লান করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী নির্বাচনে ওই সব জনপ্রতিনিধিকে দলীয় মনোনয়ন দেওয়া হবে না।
গতকাল রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ার ধুমঘাট সেতু পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেন প্রকল্পের আওতায় ১৪৩ কিলোমিটার সড়ক, ২৩টি সেতুর মধ্যে ২০টি এবং তিনটি ওভারপাসের নির্মাণকাজ শেষ হয়েছে। বাকি কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করতে দেশি-বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।
ধুমঘাট সেতু পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন চার লেন প্রকল্পের পরিচালক ইবনে আলম হাসান, চার লেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জয় প্রকাশ গোস্বামী, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেনচন্দ্র শীল প্রমুখ।