দেশে যেসব অপরাধ সংঘটিত হচ্ছে, তার সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশ জড়িত বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, সারা দেশে গণগ্রেপ্তারের সময় বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে অত্যাচার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইমানুয়েলস ব্যাংকোইট হলে বাংলাদেশ লেবার পার্টির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, সারা দেশে সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মীরা অত্যাচারিত হচ্ছেন। বিএনপির নেতা-কর্মীরা ন্যায়বিচার পাচ্ছেন না। কারাগারে নেতা-কর্মীরা চিকিৎসা পান না। মুক্তি পেলে আবার কারা ফটক থেকেই বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়।
মাদারীপুরে কলেজশিক্ষক হত্যাচেষ্টায় ধরা পড়া সন্দেহভাজন জঙ্গি গোলাম ফয়জুল্লাহ ফাহিমকে পুলিশ হত্যা করেছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘এটা সম্পূর্ণ একটা সাজানো ঘটনা। তাকে ক্রসফায়ার নয়, হত্যা করা হয়েছে। পুলিশ কাউকে হত্যা করা মানে হাসিনা এর সঙ্গে ইনভলভড্। কেননা, হাসিনা হলো হোম মিনিস্টার (প্রকৃতপক্ষে এখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন আসাদুজ্জামান খান কামাল)। আমরা বলতে চাই, এই নিরীহ হত্যার বিচার হওয়া দরকার।’ তিনি বলেন, শেখ হাসিনাকে লুটেরাদের রাজা, রানি যা-ই বলা হোক না কেন, তিনিই লুটেরাদের প্রধান।
লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতের কর্মপরিষদের সদস্য সেলিম উদ্দিন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গাণি প্রমুখ।