অপরাধী আটকে সরকার প্রায় শতভাগ সফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহের আফরোজ চুমকি । ফাইল ছবি
মেহের আফরোজ চুমকি । ফাইল ছবি

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেছেন, যেখানে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে সেখানে সরকার দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিচ্ছে। অপরাধী আটকের ক্ষেত্রে সরকার প্রায় শতভাগ সফল। কিন্তু শুধু সরকারের একার পক্ষে নির্যাতন বন্ধ করা সম্ভব নয়।
আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ব্র্যাকের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে প্রচারাভিযানের অংশ হিসেবে সমাবেশ ও সাইকেল র‍্যালি উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বাল্যবিবাহও এক ধরনের নারী নির্যাতন। ১৮ বছরের নিচে কোনো শিশুর বিয়ে বরদাশত করা হবে না। এ বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। নতুন আইন অনুযায়ী বাল্যবিবাহের সাজা ও জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী প্রমুখ।

সমাবেশ শেষে তরুণ‍-তরুণীদের অংশগ্রহণে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে হাইকোর্ট, জাতীয় প্রেসক্লাব, পল্টন, কাকরাইল, মহাখালী, জাহাঙ্গীর গেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে শেষ হয়।