অপরাধী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধী যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এ ব্যাপারে ইতিমধ্যে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
২১ আগস্টের গ্রেনেড হামলা স্মরণে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই আলোচনা সভার আয়োজন করে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত ও শেখ হাসিনাসহ শতাধিক নেতা-কর্মী আহত হন।
আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, অন্তঃসত্ত্বা নারীকে গুলি করে কেউ পার পাবে না, সে যে দলের হোক, যত প্রভাবশালী হোক। তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইতিমধ্যে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, অপরাধী কাউকে যেন ছাড় না দেওয়া হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাযজ্ঞের কথা স্মরণ করে সেতুমন্ত্রী বলেন, ‘সেদিন ফজলুল হক মনির অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করা হয়েছিল। শেখ রাসেলকে হত্যা করা হয়েছিল। কিন্তু সেদিন কেউ প্রতিবাদ করেনি। ৩৭ বছর পর ওই হত্যার বিচার হয়েছে। চলমান হত্যারও বিচার হবে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ১৫ আগস্টের ধারাবাহিকতা হলো ২১ আগস্টের রক্তাক্ত ট্র্যাজেডি। এই হামলার প্রধান লক্ষ্য ছিলেন শেখ হাসিনা।
সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি চলচ্চিত্র অভিনেতা ফারুক।