অপরিকল্পিত উন্নয়নে আমরা ভুগছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
আ জ ম নাছির উদ্দীন l প্রথম আলো
আ জ ম নাছির উদ্দীন l প্রথম আলো

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ২০১৩ সালের ১৩ নভেম্বর থেকে দায়িত্ব পালন করছেন আ জ ম নাছির উদ্দীন। ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন। দায়িত্ব নেন ওই বছরের ২৬ জুলাই। রাজনীতির বাইরে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাক্ষাৎকার নিয়েছেন লাজ্জাত মহছি, একরামুল হক ও সুজন ঘোষ

প্রথম আলো: দায়িত্ব গ্রহণের এক বছর তিন মাস হলো। কত দূর এগোতে পারলেন?

আ জ ম নাছির উদ্দীন: বিচারের ভার নগরবাসীর হাতে। আমি নিজের মুখে দাবি করলে তো হবে না। আর তৃতীয় নয়ন হিসেবে আপনারা (সাংবাদিকেরা) মূল্যায়ন করবেন। তবে একটি কথা বলতে পারি, আন্তরিকভাবে চেষ্টা করেছি। চট্টগ্রাম শহরে এখন আর অবৈধ বিলবোর্ড নেই।

প্রথম আলো: জলাবদ্ধতা নিরসনের কী হলো, বর্জ্য ব্যবস্থাপনার কথা বলেছিলেন, রাস্তাঘাট সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নের কী অবস্থা?

নাছির উদ্দীন: সিটি করপোরেশন পরিচালিত হয় হয় বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী। করপোরেশনের তিনটি প্রধান দায়িত্ব রয়েছে—শহরের রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, নালা-নর্দমা নির্মাণ; সড়ক আলোকিত করা এবং শহরকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। সিটি করপোরেশন এ তিনটি সেবা দিতে বাধ্য। তবে পাঁচ বছর অন্তর অন্তর কর পুনর্মূল্যায়ন করার যে বাধ্যবাধকতা রয়েছে, তা না করার কারণে অনেক সমস্যা তৈরি হয়েছে। ব্যয় তো বৃদ্ধি পেয়েছে। প্রশাসনিক ব্যয়ও বেড়েছে। নাগরিক সেবার পরিধি বেড়েছে। একসময় নগরে ১০ লাখ মানুষ ছিল। বাড়তে বাড়তে এখন ৬০ লাখ হয়েছে।

প্রথম আলো: প্রতিদিন নগরে কত মানুষ আসছে। নতুন যুক্ত হচ্ছে কত?

নাছির উদ্দীন: বর্তমানে নগরবাসীর সংখ্যা ৬০ লাখ। আর প্রতিদিন বিভিন্ন কাজে নগরের বাইরে থেকে ১০ লাখ লোক আসা-যাওয়া করেন। আর কী পরিমাণ যুক্ত হচ্ছেন, তা আমি বলতে পারব না। পরিসংখ্যান ব্যুরো বলতে পারবে।

প্রথম আলো: সিডিএ বা অন্যান্য সেবা সংস্থার সঙ্গে সিটি করপোরেশনের সমন্বয়টা কেমন?

নাছির উদ্দীন: সবার সঙ্গে সমন্বয় করতে হবে। সিটি করপোরেশন নেতৃত্ব দেবে। আগে আইন ছিল। কিন্তু প্রয়োগ ছিল না। সরকার একটি পরিপত্র জারি করেছে। সিটি করপোরেশনের নেতৃত্বে উন্নয়নকাজ হবে। চট্টগ্রামের সমস্যা পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তবে এখন উদ্যোগ নিলে একসময় না একসময় সফলতা পাওয়া যাবে।

প্রথম আলো: নগরবাসীর ক্ষোভের দুটি জায়গা আছে, একটি ফ্লাইওভার (উড়ালসড়ক) ও অন্যটি ধুলোবালি।

নাছির উদ্দীন: ফ্লাইওভার নিয়ে অনেক লেখালেখি হয়েছে। বহদ্দারহাট ফ্লাইওভারে গার্ডার ধসে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। তবে আমি দায়িত্ব গ্রহণের পর কাউকে ফ্লাইওভার নির্মাণের অনুমোদন দিইনি। আর যাঁরা ফ্লাইওভার নির্মাণ করেছেন, তাঁদের কাছে নিশ্চয় ব্যাখ্যা আছে। আমার একটি নিজস্ব মন্তব্য রয়েছে—এখন উড়ালসড়কগুলো প্রয়োজন মনে না হতে পারে। একসময় এটি প্রয়োজন হবে। আমি ওই বিতর্কে যেতে চাই না। তবে এ শহরে কোনো ধরনের পরিকল্পনা ছিল না, যা উন্নয়ন হয়েছে তা অপরিকল্পিত। অপরিকল্পিতভাবে উন্নয়ন হওয়ার কারণে আমরা ভুগছি। এখন যেখানে ফ্লাইওভার আছে, সেখানে মেট্রোরেল নির্মাণের সুযোগ রাখলে ভালো হতো। এতে করে জনগণ অনেক বেশি উপকৃত হতো। এখন একটি চায়না কোম্পানি মেট্রোরেল নির্মাণের ব্যাপারে প্রস্তাব দিয়েছে। তারা মতামত জানতে চেয়েছে। আমি ইতিবাচক। তাদের লিখিত প্রস্তাব দিতে বলেছি। তারপর সিদ্ধান্ত নেব। মেট্রোরেল খুবই গুরুত্বপূর্ণ।

প্রথম আলো: ফ্লাইওভারের ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে?

নাছির উদ্দীন: পরামর্শ নেই। আমি এ বিষয়ে বিশেষজ্ঞ নই। আর দায়িত্বশীল জায়গা থেকে আমি কোনো ধরনের কথা বলতে চাই না। সেটি বলতে গিয়ে উল্টো বিতর্ক সৃষ্টি হতে পারে। হয়ে যাওয়া জিনিস নিয়ে কথা বলে লাভ নেই। তবে এটি বলব, একসময় কথা ছিল, লালখান বাজার পর্যন্ত ফ্লাইওভার যাবে। এখন এটি বিমানবন্দর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এ ক্ষেত্রে আমার বক্তব্য হলো, টাইগারপাস থেকে বারিক বিল্ডিং পর্যন্ত ফ্লাইওভারের প্রয়োজন আছে বলে মনে হয় না।

প্রথম আলো: জলাবদ্ধতা নিরসনে কী কী করলেন?

নাছির উদ্দীন: আমার তো সক্ষমতা থাকতে হবে? জলাবদ্ধতার দীর্ঘস্থায়ী সমাধান করার জন্য দক্ষ লোক আমার আছে কি না, সেটি একটি বিষয়? সমাধান করার মতো আর্থিক সক্ষমতা আছে কি না, তা-ও একটি বিষয়। আর জলাবদ্ধতা সৃষ্টির জন্য একাধিক কারণ রয়েছে। কিছু কিছু এলাকায় সমন্বিত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায়নি। আর নালা-নর্দমা যেগুলো আছে, সেগুলো অপরিকল্পিত। পুরো শহরে ড্রেনেজ ব্যবস্থা নেই। তা ছাড়া এখানকার পাহাড়গুলো বালির পাহাড়। চট্টগ্রাম শহরে ভোরে দেখবেন রাস্তাঘাটগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন। কিন্তু বেলা বাড়তে বাড়তে দেখা যাবে, এখানে বালির স্তর পড়ে যায়। পাহাড়ের বালি বাতাসের মাধ্যমে চলে আসে। আর বৃষ্টির সময় তো ভয়াবহ আকার ধারণ করে। তখন নালা-নর্দমাগুলো ভরাট হয়ে যায়। তখন পানি উপচে রাস্তায় চলে আসে। বৃষ্টির পর দেখা যায়, রাস্তায় পুরো প্রলেপ পড়ে। তবে এর সমাধান করেছি।

প্রথম আলো: তাহলে আগামী বর্ষায় কি জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে নগরবাসী?

নাছির উদ্দীন: না। একাধিক কারণে জলাবদ্ধতা ­সৃষ্টি হয়। একটি কারণ আমার এখতিয়ার ও সামর্থ্যের মধ্যে আছে। নালা-নর্দমাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে যতটুকু সম্ভব ধারণক্ষমতা বাড়ানো হয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। ফলে শুষ্ক মৌসুমে কর্ণফুলী নদীর জোয়ারে নগরের বিভিন্ন এলাকা তলিয়ে যায়। এটি আমার পক্ষে সমাধান করা সম্ভব নয়। এ জন্য মেগা প্রকল্প দরকার। আমি দায়িত্ব গ্রহণের পর সে উদ্যোগ নিয়েছি।

প্রথম আলো: ফুটপাত দখলমুক্ত করার প্রতিশ্রুতির কী হলো?

নাছির উদ্দীন: হ্যাঁ কিছু দখলে রয়েছে। কিছু উচ্ছেদ করেছি। আমার কিছু পরিকল্পনা আছে। উচ্ছেদ করার পর কিন্তু আমি বসতে দিচ্ছি না। তাদের নেতাদের বলেছি। ফুটপাতগুলো সর্বসাধারণের জন্য ব্যবহার নিশ্চিত করো।

প্রথম আলো: হকারদের পুনর্বাসন করার পরিকল্পনা আছে?

নাছির উদ্দীন: না, পুনর্বাসন করা আমার পক্ষে সম্ভব নয়। তাদের কেয়ামত পর্যন্ত কেউ পুনর্বাসন করতে পারবে না। তাদের এখানে বসিয়ে দিলে তা বিক্রি করে আরেক জায়গায় চলে যাবে। তবে তাদের একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব। আমি ওদের বোঝাচ্ছি। ফুটপাত দখলের কারণে স্কুলগামী শিক্ষার্থী ও অভিভাবক, অফিসগামী মানুষের দুর্ভোগ হচ্ছে, কষ্ট হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ছে। এটা দূর করা আমার দায়িত্ব। এ জন্য হকারদের বলেছি, তোমরা সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বসো।

এ নগরে প্রায় ১০-১২ লাখ দরিদ্র শ্রেণির লোক রয়েছে। আর দুই শর বেশি বস্তি। তাদের কথাও বিবেচনা করতে হবে। হকার সব তুলে দিলে এসব লোক কেনাকাটা কোথায় করবে। আমি ওদের সহায়তা করব। বৈধতা দেব বলেছি। কেউ সন্ত্রাসী, মাস্তানি করতে পারবে না তাদের সঙ্গে। চাঁদাবাজি হবে না।

প্রথম আলো: শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য কী করছেন?

নাছির উদ্দীন: আমি দায়িত্ব গ্রহণের পর পরিচ্ছন্নতা কার্যক্রম দিনের পরিবর্তে রাতে শুরু করেছি। ডোর টু ডোর (ঘরে ঘরে) বর্জ্য সংগ্রহের জন্য ঘরে ঘরে বিন (ময়লা রাখার ঝুড়ি) দিচ্ছি। বিন পৌঁছাতে আর দেড়-দুই মাস লাগবে। এরপর করপোরেশনের কর্মীরা সরাসরি গিয়ে বর্জ্য সংগ্রহ করবে। মার্চের মধ্যে এ কার্যক্রম শতভাগ বাস্তবায়ন করতে পারব। এরপর নগরের কোথাও ডাস্টবিন ও কনটেইনার থাকবে না।

প্রথম আলো: রাস্তাঘাট সংস্কার কতদূর এগোল?

নাছির উদ্দীন: রাস্তাঘাট সংস্কার করা নিয়মিত কাজ। এখানে একটা সমস্যা আছে। ওয়াসার অনেকগুলো প্রকল্প আছে। এগুলোও প্রয়োজনীয়। ওয়াসা ২০১৯ ও ২০২১ সালের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করবে। তখন যত ঝড়ঝাপটা সব আমার ওপর দিয়ে যাবে। ওরা রাস্তা খুঁড়বে।

প্রথম আলো: কমিশন ছাড়া প্রকল্পের টাকা ছাড় হচ্ছে না বলেছিলেন। এখন এ পরিস্থিতির কি উন্নতি হয়েছে?

নাছির উদ্দীন: না না। এটি নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছে। প্রকল্পের টাকা ছাড় হচ্ছে না, এটা বলিনি। প্রকল্পের টাকা পেতে কোনো সমস্যা হচ্ছে না। পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য বাড়তি জনবল নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। আর উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করছি। এসব ডিপিপির কোনোটা অনুমোদনের জন্য একনেক, প্রি-একনেক ও মন্ত্রণালয়ে আছে।

প্রথম আলো: মেয়রের পদমর্যাদা নিয়ে কোনো ক্ষোভ?

নাছির উদ্দীন: এটি নিয়ে আমার আগ্রহ নেই। মেয়র মেয়রই। আলাদা কোনো কিছুর দরকার নেই। মেয়রকে মেয়র হিসেবে মর্যাদা দিতে হবে।

প্রথম আলো: বিএমএ নির্বাচনে স্বাচিপের একটি প্যানেলকে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী সমর্থন দিয়েছেন এবং আরেকটি প্যানেলকে আপনি সমর্থন দিয়েছেন। এতে দ্বন্দ্ব সৃষ্টি হবে না?

নাছির উদ্দীন: আমি আমারটা বলি। উনি কেন কী কারণে সমর্থন দিয়েছেন, এটা উনি জানেন। এখানে সমর্থন দেওয়া না-দেওয়ার ক্ষমতা বা এখতিয়ার আমাদের নেই। আর চট্টগ্রাম মেডিকেল কলেজের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। ওখানে আমার একটি ইনফ্লুয়েন্স (প্রভাব) রয়েছে, অনেক অন্ধভক্ত রয়েছে। আমার যে ইমেজ বা প্রভাব, সেটি ব্যবহার করব কি করব না, এটা অন্য বিষয়। তবে যাঁরা কাজের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ ও নিবেদিতপ্রাণ, তাঁদের সহযোগিতা করব। সমর্থন দেব। আর দ্বন্দ্ব কেন হবে। আপন দুই ভাইয়ের মধ্যেও চিন্তার ভিন্নতা থাকে। খেলার মাঠে দুই দল খেলে। খেলার পর হ্যান্ডশেক করছে। আমিও এটি খেলার মাঠের মতো মনে করি।

প্রথম আলো: পেশাজীবীদের নির্বাচনে রাজনৈতিক দলের সমর্থন দেওয়া কি ঠিক?

নাছির উদ্দীন: এ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সমর্থন থাকে। আর সম্পৃক্ততাও রয়েছে। তবে নির্বাচিত হওয়ার পর দলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে বিএমএ পরিচালনা করা সমর্থন করি না।

প্রথম আলো: আপনারা কি স্বাচিপকে বিভক্ত করলেন না?

নাছির উদ্দীন: না, তা হতে যাবে কেন। তবে ড্যাব (বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন) ও জামায়াত-সমর্থিত চিকিৎসকদের সংগঠন নির্বাচনে এলে হয়তো অন্য রকম হতো।

প্রথম আলো: আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো মনে হলেও মেয়রের নাম ভাঙিয়ে চাঁদাবাজি হচ্ছে। এ রকম কিছু শুনেছেন?

নাছির উদ্দীন: না, আমি জানি না। আমাকে কেউ বলেনি। যদি বিষয়টি সরাসরি আমার নলেজে দিত, তাহলে ব্যবস্থা নিতাম। এখন কে কী উদ্দেশ্যে বলেছে, তা জানি না। আমি তো বিভিন্ন ফোরামে যাই। মিটিং করি। সেখানেও কেউ বলেননি। আর যাঁর কাছে চাঁদা চেয়েছেন, তিনি পুলিশকে অভিযোগ জানাতে পারতেন।