চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। গতকাল রোববার সকালে ১০০ শয্যার এই হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন মেয়র এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। পরে চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মেয়র বলেন, গর্ভবতী মায়ের সেবার ক্ষেত্রে অনিয়ম বা গাফিলতি হলে কারও ছাড় পাওয়ার সুযোগ নেই। নগরবাসী সিটি করপোরেশনের ওপর আস্থা ও বিশ্বাস রেখে চিকিৎসা নিতে আসেন। রোগীদের জীবন নিয়ে অবহেলা করা যাবে না। রোগীদের সেবা ও বিশ্বাসের মর্যাদা দিতে যাঁরা পারবেন না, তাঁদের দায়িত্ব থেকে সরে যেতে হবে।
মেয়র হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন আলকরণ ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, জ্যেষ্ঠ পরামর্শক প্রীতি বড়ুয়া, স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ।
যোগাযোগ করা হলে করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মেয়র দায়িত্ব পালনের ব্যাপারে কিছু নির্দেশনা দিয়েছেন। আর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও ভালোভাবে করতে বলেছেন।