গুপ্ত হামলা ও সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ফেনীতে সমাবেশ করেছে যুবলীগ। গতকাল রোববার শহরের একটি গণমিলনায়তনে এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়ন ও শান্তির মডেল হিসেবে পরিচিতি লাভ করছে, তখনই একটি মহল সন্ত্রাস-জঙ্গিবাদ ও গুপ্তহত্যার মাধমে দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত শুরু করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব মানুষকে ঐক্যবদ্ধ করে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। অপশক্তির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ ও গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের নেতা মোহাম্মদ ইসলাম ও শোয়েব হোসেন।
ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ফেনী পৌর যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম ভূঞা, পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন শরীফ মজুমদার, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদ, দাগনভূঞা উপজেলা যুবলীগের সভাপতি আবুল ফোরকান, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সোনাগাজী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ফুলগাজী উপজেলা যুবলীগের সভাপতি সালেহ আহম্মদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ।