অবরোধ নিয়ে নানা মত বিএনপিতে
অবরোধ কর্মসূচি কত দিন চলবে, তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার জন্য অবরোধ স্থগিত বা শিথিল করা হবে কি না, বা এরপর আর কী ধরনের কর্মসূচি দেওয়া হবে—এসব ব্যাপারে গত রাত পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি।
তবে এ বিষয়ে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের মধ্য থেকে নানা ধরনের মত আসছে। এসব মত দলের নীতিনির্ধারকেরা পর্যালোচনা করে দেখছেন বলে দলটির উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে।
৯ জানুয়ারি শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হতে যাচ্ছে প্রথম দফার তিন দিনের বিশ্ব ইজতেমা। এ নিয়ে বিএনপির নীতিনির্ধারকেরা চিন্তায় আছেন। তবে এ বিষয়ে বিএনপির কোনো নেতা উদ্ধৃত হয়ে কিছু বলতে রাজি হননি।
বিএনপির নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন—এমন দুজন নেতা জানান, দলের নেতাদের একটি বড় অংশের মত হচ্ছে, বিশ্ব ইজতেমার সময় অবরোধ স্থগিত করা উচিত। নইলে ধর্মানুরাগী বিশাল জনগোষ্ঠীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। আর, সরকারও এর সুযোগ নিতে চাইবে। নেতাদের আরেকটি অংশ মনে করে, বিশ্ব ইজতেমার জন্য অবরোধ স্থগিত বা শিথিল করলে ওই তিন দিনে পুলিশ ব্যাপক ধরপাকড় করবে। তাতে নেতা-কর্মীরা বিপদে পড়বে। দীর্ঘদিন পর নেতা-কর্মীরা যে আন্দোলনমুখী হয়েছে, তা আবার থিতিয়ে পড়ার আশঙ্কা আছে।
আবার কিছু নেতার মত হচ্ছে, অবরোধ কর্মসূচি সংক্ষিপ্ত করে ঢাকায় আবার মহাসমাবেশের ডাক দেওয়া। এটি বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার বা আখেরি মোনাজাত বা শেষ দিন রোববারও হতে পারে। এতে ৫ জানুয়ারির মতো সরকার আরেক দফা চাপে পড়বে এবং এই চাপ কাটাতে সরকার আগের মতো আবার গণপরিবহন বন্ধ করে সারা দেশে অচল অবস্থার সৃষ্টি করতে পারে। এর ফলে ধর্মানুরাগী মানুষ সরকারের ওপর ক্ষুব্ধ হবে। আর সরকার যদি সমাবেশের অনুমতি দেয়, তাহলে ইজতেমার লোকদের সঙ্গে দলীয় লোকদের সারা দেশ থেকে ঢাকায় আনা সহজ হবে।
দলের মধ্যম সারির নেতাদের বড় একটি অংশের মত হচ্ছে, অনির্দিষ্টকালের জন্য ডাকা অবরোধ কর্মসূচিতে ছেদ ঘটানো যাবে না। যত দূর সম্ভব এ কর্মসূচিকে টেনে নিয়ে যেতে হবে। এ অংশটি অবরোধকে আরও কার্যকর করে রাজধানী ঢাকাকে ধীরে ধীরে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পক্ষে।
এদিকে তাবলিগ জামাতের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার বিকেলে খালেদা জিয়াকে ইজতেমার দাওয়াত দিতে তাঁর গুলশানের কার্যালয়ে যায়। কিন্তু অসুস্থতার কারণে খালেদা জিয়া দেখা দেননি বলে প্রতিনিধিদলের একটি সূত্র জানায়। পরে তারা বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ চেয়ারপারসনের প্রেস সচিব ও বিশেষ সহকারীর সঙ্গে কথা বলে। প্রতিনিধিদলের সদস্যরা হলেন আবদুর রহিম, আবদুল আউয়াল ও মোয়াজ্জেম হোসেন। এঁদের একটি সূত্র জানায়, তাবলিগের প্রতিনিধিরা খালেদা জিয়ার কার্যালয়ে গেছেন মূলত ইজতেমায় যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে রওনা হওয়া মুসল্লিরা যাতে রাস্তায় অবরোধের শিকার না হন, সে ব্যাপারে বিএনপির সহযোগিতা চাইতে।
এ বিষয়ে জানতে চাইলে তাবলিগ জামাতের কেন্দ্রীয় মজলিসে শ্ুরার সদস্য সাহাবুদ্দীন নাসিম প্রথম আলোকে বলেন, তাবলিগের অনেক ভাই পথে আছেন। তাঁরা যাতে রাস্তায় অসুবিধার সম্মুখীন না হন, সে ব্যাপারে বিএনপির সহযোগিতা চাওয়া হয়েছে। এ ব্যাপারে তাঁদের ইতিবাচক মনে হয়েছে।