অবরোধ এখনো বহাল কিন্তু পালন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের দেশব্যাপী অবরোধ কর্মসূচি এখনো বহাল আছে। কিন্তু এ কর্মসূচি পালনে জোটের নেতা-কর্মীদের কোথাও কোনো তৎপরতা নেই। কার্যত এ কর্মসূচি এখন কেবল ঘোষণার মধ্যেই আছে, কোথাও পালিত হচ্ছে না।

জোট ও বিএনপির নেতাদের অনেকেই আলাপকালে স্বীকার করেন, অবরোধ এখন একটা কাগুজে কর্মসূচিতে পরিণত হয়েছে। গত ৬ জানুয়ারি থেকে সারা দেশে শুরু হওয়া অবরোধের গতকাল সোমবার ছিল ৯০ দিন। শুরুর দিকে অবরোধ পালিত হলেও এখন আর এই কর্মসূচির কোনো কার্যকারিতা নেই। পরিস্থিতি এখন প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও বাড়ি ফিরেছেন। এ অবস্থায় বিশেষ কোনো পরিস্থিতির সৃষ্টি না হলে শিগগিরই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, অবরোধ এখনো আছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

২০-দলীয় জোট অবরোধের পাশাপাশি দীর্ঘদিন ধরে শুক্র-শনিবার বাদ দিয়ে সপ্তাহের পাঁচ দিন রুটিন করে হরতাল দিয়ে আসছিল। গত সপ্তাহ থেকে হরতাল কর্মসূচিতে পরিবর্তন আসে। মাত্র দুই দিন হরতাল দেওয়া হয়। চলতি সপ্তাহে এখনো হরতাল দেওয়া হয়নি।

দলের নীতিনির্ধারকেরা বলছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ফেরার মধ্য দিয়ে চলমান হরতাল-অবরোধকেন্দ্রিক আন্দোলন কর্মসূচির ইতি ঘটতে যাচ্ছে। এখন সরকারকে নিশ্চিত করতে হবে, খালেদা জিয়ার চলাফেরার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে না। চেয়ারপারসনের কার্যালয় ও কেন্দ্রীয় অফিসে নেতা-কর্মীদের যাতায়াতের সুযোগ দিতে হবে। পাশাপাশি নেতা-কর্মীদের মুক্তিতে কোনো বাধা দেওয়া যাবে না। আন্দোলন থেকে সরে আসতে এ বিষয়গুলো সহায়ক ভূমিকা রাখবে।

৫ জানুয়ারির ‘একতরফা’ সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনে ঢাকায় সমাবেশ করা নিয়ে খালেদা জিয়াকে ৩ জানুয়ারি রাত থেকে তাঁর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তালা মেরে, ব্যারিকেড সৃষ্টি করে অবরুদ্ধ করা হয়। ওই অবস্থায় তিনি ৫ জানুয়ারি কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। তাৎক্ষণিকভাবে খালেদা জিয়া পরদিন ৬ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধের ডাক দেন, যা এখনো বহাল আছে।

অবরোধের মধ্যে গত ১৫ জানুয়ারি প্রথম হরতাল দেয় বিএনপি জোট। চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানকে গুলি করে আহত করার প্রতিবাদে ওই হরতাল দেওয়া হয়। সেই থেকে অবরোধের ফাঁকে ফাঁকে হরতাল দিয়ে আসছিল ২০-দলীয় জোট।

শুরুর দিকে হরতাল-অবরোধ কিছুটা কার্যকর থাকলেও ধীরে ধীরে তা নাশকতা ও পেট্রলবোমা হামলানির্ভর হয়ে পড়ে। এতে ১৩১ জন নিহত হন। এর মধ্যে পেট্রলবোমা ও আগুনে মৃত্যু হয় ৭৫ জনের। ব্যাপক প্রাণহানি ও যানবাহনের ক্ষয়ক্ষতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।