অবরোধ চলছে, চলবে: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬ দিন পর অবরোধমুক্ত হয়ে ​গুলশানে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সাজিদ হোসেন
১৬ দিন পর অবরোধমুক্ত হয়ে ​গুলশানে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সাজিদ হোসেন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, অবরোধ চলবে। তিনি দেশবাসীকে চলমান অবরোধ পালনের জন্য আহ্বানও জানিয়েছেন। আজ সোমবার রাতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়া অবরোধ চালিয়ে যাওয়ার এই ঘোষণা দেন। 
খালেদা জিয়া বলেন, চলমান সংকট নিছক কোনো আইনশৃঙ্খলাজনিত সংকট নয়। এটি রাজনৈতিক সংকট। এই সংকট রাজনৈতিকভাবে সমাধান করার জন্য আবারও তিনি সরকারের প্রতি আহ্বান জানান। 
খালেদা জিয়া অভিযোগ করেন, বর্তমানে দেশে যেসব নাশকতামূলক কর্মকাণ্ড চলছে তার জন্য ক্ষমতাসীন দল দায়ী। এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। 
১৫ দিন অবরুদ্ধ হয়ে থাকার পর গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার পর হঠাৎ করে খালেদা জিয়ার কার্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা পুলিশের দুটি গাড়ি সরিয়ে নেওয়া হয়। অবরোধমুক্ত হয়ে এটি খালেদা জিয়ার প্রথম প্রেস ব্রিফিং। লিখিত বক্তব্য শেষে খালেদা জিয়া সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
বিএনপি চেয়ারপারসন লিখিত বক্তব্যে বলেন, ‘জুলুম-নির্যাতন, গুম-খুন, হামলা-মামলার পরও আমরা বারবার একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আলোচনার আহ্বান জানিয়েছি। আলোচনার ভিত্তি হিসেবে ৭ দফা প্রস্তাব দিয়েছি। আমাদের আহ্বান ও প্রস্তাবকে তাৎক্ষণিকভাবে নাকচ করে দিয়ে অস্ত্রের ভাষায় সব দমানোর পথ বেছে নিয়েছে সরকার। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র নেতাসহ সারা দেশে নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হয়েছে। এ অবস্থায় বাধ্য হয়ে সারা দেশে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালনের ডাক দিয়েছি। কর্মসূচি চলছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা চলতে থাকবে। ’

খালেদা জিয়া বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কোনো সুযোগ না দিতে ক্ষমতাসীনরা মরিয়া হয়ে উঠেছে। সারা দেশে বিএনপি ও ২০-দলের নেতা-কর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ বিরাট মিছিল নিয়ে রাস্তায় নামছেন। সঙ্গে সঙ্গে মিছিলে গুলি, কাঁদুনে গ্যাস ও লাঠিচার্জ করা হচ্ছে। পুলিশের ছত্রছায়ায় ক্ষমতাসীনদের মদতপুষ্ট সন্ত্রাসীরাও হামলা করছে। ’ এর মধ্যে গুলিতে কয়েকজন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেন তিনি।
খালেদা জিয়া বলেন, শান্তিপূর্ণ আন্দোলন সম্পর্কে দেশে-বিদেশে বিভ্রা‌ন্তি সৃষ্টির উদ্দেশ্যে ক্ষমতাসীনরা নাশকতা ও অন্তর্ঘাতের পথ বেছে নিয়েছে। পুলিশি প্রহরার মধ্যে নারী, শিশু, ছাত্রছাত্রীদের বহনকরী যানবাহনে পেট্রলবোমা মেরে অনেক নিরপরাধ মানুষকে হতাহত ও দগ্ধ করা হয়েছে। এই সব পৈশাচিক বর্বরতার আমরা তীব্র নিন্দা জানাই।
অতীতের মতোই হত্যা-খুনের রাজনীতি আ. লীগ করছে
খালেদা জিয়া বলেন, ‘বিএনপি ও ২০ দল নিরীহ নিরপরাধ জনগণকে হত্যা ও তাদের ওপর আক্রমণ করা কিংবা তাদের পুড়িয়ে মারার নৃশংস অপতৎপরতায় বিশ্বাস করে না। মানুষের জীবনের বিনিময়ে আমরা রাজনীতি করতে চাই না, কখনো করিনি। অতীতে যাত্রী বাসে গান পাউডার দিয়ে আগুনে মানুষ পুড়িয়ে মারা, বোমা মেরে ও লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে মানুষ হত্যা এবং পুলিশ খুনের অপরাজনীতি আওয়ামী লীগই করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস, এখনো তারাই সুপরিকল্পিতভাবে এসব নৃশংস ঘটনা ঘটাচ্ছে। এর মাধ্যমে বিএনপি ও ২০ দলের নেতা-কর্মীদের হত্যা, গ্রেপ্তার ও অত্যাচারের পথ প্রশস্ত করছে। ’

ঘটনাস্থল থেকে ঘাতক বোমাবাজদের গ্রেপ্তার না করে বিরোধী দলের নেতা-কর্মীদের ঘরবাড়িতে হানা দিয়ে তাদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, ‘নারীসহ পরিবারের সদস্যদের হেনস্তা করা হচ্ছে। যৌথবাহিনীর অভিযানের নামে বিভিন্ন জনপদে ত্রাসের রাজত্ব কায়েম করা হচ্ছে। এসব হত্যা-নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের আগামীতে অবশ্যই আইনের আওতায় আনা হবে। ’

খালেদা জিয়া বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখনো তালাবন্ধ। দলের নেতা-কর্মীরা কেউ নিরাপদে বাসায় থাকতে পারছেন না বলে অভিযোগ করে তিনি বলেন, হত্যার উদ্দেশ্যে রিয়াজ রহমানের ওপর গুলি হয়েছে। বিএনপি নেতা সাবিহউদ্দিনের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বিএনপির সিনিয়র নেতার বাসা ও অফিসে গুলি ও বোমা হামলা হয়েছে। বিএনপির অফিস অনেক জায়গায় পোড়ানো হয়েছে। কাউকে ধরা হয়নি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা অনেক জায়গায় অস্ত্র, বোমা ও গুলিসহ ধরা পড়েছে। তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

সংকট আইনশৃঙ্খলার নয়, রাজনৈতিক
বাংলাদেশের চলমান পরিস্থিতিতে জাতিসংঘ প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে যে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে তার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘দেশের চলমান সংকট নিছক কোনো আইনশৃঙ্খলার সমস্যা নয়। এটি রাজনৈতিক সংকট। এর রাজনৈতিক সমাধানের উদ্যোগ গ্রহণের জন্য আমরা আবারও আহ্বান জানাচ্ছি। সকল প্রতিকূলতার মধ্যে, নির্যাতন সয়ে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার জন্য বিএনপিসহ ২০ দলের সকল স্তরের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। ক্ষমতাসীনরা যদি শুভবুদ্ধি প্রণোদিত হয়ে আমার কার্যালয় থেকে গতকাল (সোমবার) গভীর রাতে বিনা ঘোষণায় অবরোধ প্রত্যাহার করে নিয়ে থাকে তাহলে আমি তা স্বাগত জানাই। ’

ভোটাধিকার ফিরিয়ে দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের পদক্ষেপের আহ্বান
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘হিংসা ও নাশকতা, অন্তর্ঘাত ও জুলুমের পথ থেকে সরে আসেন। অত্যাচার, দমন অভিযান, গণগ্রেপ্তার বন্ধ করুন। মিথ্যা মামলায় গ্রেপ্তার করা বন্দীদের মুক্তি দিন। গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের ওপর থেকে সব বাধা তুলে নিন। যে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করেছেন তা স্বাভাবিক করুন। মানুষকে স্বস্তি ও শা‌ন্তি দিন। উসকানি, ষড়যন্ত্র ও মিথ্যাচারের অপরাজনীতি বন্ধ করুন। জনগণের ভোট দেওয়ার যে অধিকার কেড়ে নিয়েছেন, তা ফিরিয়ে দিন এবং অবিলম্বে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ নিন। ’

সাংবাদিকদের ধন্যবাদ
১৬ দিন ধরে গুলশান কার্যালয়ের সামনে তীব্র শীত, বৃষ্টি ও কুয়াশা উপেক্ষা করে পেশাগত দায়িত্ব পালন করায় সাংবাদিকদের ধন্যবাদ জানান খালেদা জিয়া। তার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর রাখার জন্য দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। বিভিন্ন রাজনৈতিক দল, দেশি-বিদেশি বন্ধুরা, অন্যান্য ব্যক্তি ও সংগঠন উদ্বেগ ও সহানুভূতি প্রকাশ করেছেন, তাদেরও ধন্যবাদ জানান খালেদা জিয়া।

খালেদা জিয়া বলেন, ‘আমাকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার আগেই ক্ষমতাসীনরা সারা দেশকে অবরুদ্ধ করে ফেলেছিল। ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল সকল যান চলাচল বন্ধ করে দিয়ে। আমি ৫ জানুয়ারি কার্যালয় থেকে বেরুবার চেষ্টা করলে আমাদেরকে তালাবন্দী করে রাখা হয়। ট্রাক, জলকামান, সাঁজোয়া যান দিয়ে সড়ক অবরোধ করা হয়। অবরুদ্ধ অবস্থায় আমাদের ওপর নিষিদ্ধ পেপার স্প্রে ছোড়া হয়। এর বিষক্রিয়ায় আমরা অসুস্থ হয়ে পড়ি। ’