অবরোধ চলবেই: খালেদা জিয়া
শান্তিপূর্ণ সমাবেশ করতে না দেওয়ায় ‘অবরোধ’ চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ ছাড়া ‘সময় সুযোগ হলে’ সমাবেশ করবেন বলে জানান তিনি।
আজ সোমবার বিকেলে গুলশানে রাজনৈতিক কার্যালয়ের ভেতরে খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। তারা যদি মিছিল করে আমরা কেন পারব না? সরকার পুলিশি রাষ্ট্র বানিয়ে ফেলেছে। পুলিশ দিয়ে সব কাজ করায়। যা পুলিশের কাজ নয়, তা-ও তাদের দিয়ে করানো হচ্ছে। ক্ষমতায় থাকার জন্য যানবাহন চলাচল বন্ধ করে ঢাকাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। দেশের জনগণ কাদের সঙ্গে আছে, তা প্রমাণ হোক। তারা সমাবেশ করতে ভয় পেয়েছে। ১৪৪ ধারা দিয়ে সমাবেশ বন্ধ করা যাবে না।’
সকাল থেকেই কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করেন বিএনপির চেয়ারপারসন। ওই কার্যালয়ের ফটকে দুপুর সোয়া ১২টার দিকে তালা লাগিয়ে দেওয়া হয়। পকেট গেটেও তালা লাগায় পুলিশ। বিকেল পৌনে চারটার দিকে তিনি নিজ কক্ষ থেকে বের হয়ে গাড়িতে ওঠেন। কিন্তু বাধার মুখে ফটক পার হতে না পেরে সাড়ে চারটার দিকে তিনি গাড়ি থেকে নেমে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন।
খালেদা জিয়া ‘অবরোধ চলবে’ বলে ঘোষণা দিলেও বর্তমানে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো অবরোধ কর্মসূচি পালন করছে না।
খালেদা জিয়া বলেন, ‘আজকে শুধু আমি নই, গোটা দেশটাই অবরুদ্ধ হয়ে পড়েছে।’ কী কারণে তাঁকে বন্দী করা হয়েছে তিনি জানেন না।
খালেদা জিয়া বলেন, ‘দেশের জনগণ এক জায়গায় জমায়েত হতে না পারলেও বিচ্ছিন্ন ভাবে কর্মসূচি চালিয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচি চলবেই।’ আজকের কর্মসূচি ২০ দলের নেতাকর্মী এবং জনগণ সফল করেছে বলেও উল্লেখ করেন খালেদা জিয়া।
গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের অবস্থানের জন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ দেন। সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের মাধ্যমে জানতে চাই আমাকে কি অবরুদ্ধ করা হয়নি? কী কারণে অবরুদ্ধ করা হয়েছে, তা জানতে চাই।’
খালেদা জিয়া বলেন, ‘তারা বলছে বন্দী করেনি। কিন্তু গেটে তালা, বের হতে দেওয়া হচ্ছে না।’ তিনি প্রশ্ন তুলে বলেন, যদি তিনি অবরুদ্ধ না হন তাহলে যাঁরা তাঁর সঙ্গে দেখা করতে চান, তাঁদের কেন আসতে দেওয়া হচ্ছে না।
খালেদা জিয়া বলেন, ‘এই সরকার জালেম সরকার। সরকার শুধু দেশকে অবরুদ্ধ করেনি, দেশকে কারাগারে পরিণত করেছে।’ তিনি বলেন, দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
খালেদা জিয়া আরও বলেন, ‘দেশের চিত্র দেখলে মনে হয় যুদ্ধাবস্থা বিরাজ করছে। এ জন্য সম্পূর্ণভাবে সরকার দায়ী।’ বক্তব্যের একপর্যায়ে একুশে টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া (অবশ্য একুশে টিভির একটি সূত্র নিশ্চিত করেছে টেলিভিশনটির সম্প্রচার বন্ধ করা হয়নি। তবে ঢাকার কিছু এলাকায় স্থানীয় কেবল অপারেটররা এই টেলিভিশনের সম্প্রচার সাময়িক বন্ধ রাখেন বলে তাঁরা শুনেছেন)। তিনি বলেন, অন্যরা কথা বললে তাঁরা কাউকে সম্প্রচার করতে দিতে চায় না। সরকার একেবারে ‘ডিকটেটর’ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়া বলেন, তিনি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিরাপত্তার কথা বলেছিলেন। নিরাপত্তা দেওয়া হলে তিনি যেখানে যাবেন সেখানেই নিরাপত্তা দেওয়ার কথা। কিন্তু তাঁকে আটকে রেখে নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে।
খালেদা জিয়া ভীষণ কষ্টের মধ্যে আছেন বলে জানান গণমাধ্যমকর্মীদের। তিনি বলেন, ‘কষ্ট করেই থাকতে হচ্ছে। না থেকে উপায় নেই।’ কালকের পরিস্থিতি কী হয়, তার ওপরই তা নির্ভর করবে জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘দেখা যাক, কী হয়।’
খালেদা জিয়া গণমাধ্যমের কর্মী এবং জনগণের উদ্দেশে বলেন, ‘পল্টনে বিএনপি অফিসে যেতে চাই। সেখানে যেতে সাহায্য করুন।’ এ সময় তিনি আবারও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কিসের নিরাপত্তা? এর নাম তো নিরাপত্তা নয়।’
খালেদা জিয়া বলেন, ‘আজকের এই দিনটিতে নির্বাচনের নামে প্রহসন হয়েছিল। যে নির্বাচনে দেশের মানুষ ভোট দেয়নি। যারা ক্ষমতায় অধিষ্ঠিত, তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা অবৈধ সরকার। দেশে সুশাসন বলে কিছু নেই।’
তাঁকে অবরুদ্ধ করে রাখা প্রসঙ্গে খালেদা জিয়াকে বলেন, ‘আমি যদি অবরুদ্ধই না হই, তবে আমার সঙ্গে যাঁরা দেখা করতে চেয়েছেন তাঁদেরকে পুলিশ বাধা দিয়েছে কেন? তাঁরা তো নামকরা লোক। বি চৌধুরী, এক্স প্রেসিডেন্ট। তাঁরা কথা বললে কী অসুবিধা ছিল।’
খালেদা জিয়া বলেন, ‘শুধু আমি অবরুদ্ধ নই। গোটা দেশটাই অবরুদ্ধ। এই দেশটাকে কারাগারে পরিণত করেছে। জানমালের নিরাপত্তা নেই। এখানে কী এমন ঘটনা ঘটল যে পিপার স্প্রে করতে হচ্ছে। দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। দেশে অন্যায়, জুলুম, খুন, গুম চলছে। আওয়ামী লীগ গুন্ডাপান্ডা নিয়ে পুলিশের সহযোগিতায় আমাদের নেতা ও জনগণের উপর আক্রমণ করছে।’
নিরাপত্তা প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘এত দিন তো আমার নিরাপত্তা দেয়নি। কর্মসূচি দিলেই নিরাপত্তার কথা মাথায় আসে। পল্টনে পার্টি অফিসে যেতে চেয়েছি। তারা নিরাপত্তা দিয়ে নিয়ে যেত। এভাবে দেশ চলতে পারে না।’
খালেদা জিয়ার বক্তব্যে ঘুরেফিরে নির্বাচন প্রসঙ্গ আসে। তিনি বলেন, ‘জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য একটা নির্বাচন করতে হবে। এ কথা শুধু আমরা বলছি না। সারা বিশ্বই এ কথা বলছে। সকলেই বলছে সবার অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন হতে হবে। নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলেই তারা নির্বাচন দিতে ভয় পায়।’
পরবর্তী নির্বাচনের বিষয়টি আলোচনার মাধ্যমে ঠিক করে নেওয়া যায় বলে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘তারা সে পক্ষে না গিয়ে টিয়ার গ্যাস, হামলা, মামলা দিয়ে মানুষকে দমিয়ে রাখতে চায়। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের পায়ের নিচে মাটি নেই। সে জন্যই তারা নির্বাচন দিচ্ছে না।’
জলকামান, বালুভর্তি ট্রাক প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘দেশে কি কোনো যুদ্ধাবস্থা বিরাজ করছে? দেখে তো মনে হয় যুদ্ধ বিরাজ করছে। শুনেছি প্রেসক্লাবে মহাসচিবের ওপর হামলা করা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে। এগুলো কি তাদের চোখে পড়ছে না?’
খালেদা জিয়া বার বার উল্লেখ করেন, দেশে বর্তমানে যে ধরনের অবস্থা বিরাজ করছে তা চলতে পারে না।
৫ জানুয়ারিকে কালো দিবস উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘সেদিন জনমানবশূন্য ভোটকেন্দ্রে কুকুর বসে ছিল। প্রিসাইডিং অফিসার ঘুমাচ্ছিলেন। সেই সরকার কীভাবে জনগণের টাকা খরচ করে বিভিন্ন আইন পাস করছে? বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। এগুলো সব অকার্যকর হয়ে যাবে। এখন এসব তারা গায়ের জোরে টিকিয়ে রাখছে।’
খালেদা জিয়া বর্তমান বিরোধী দলকে ‘গৃহপালিত’ বিরোধী দল হিসেবে আখ্যা দেন।
খালেদা জিয়ার বক্তব্য শেষে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবির প্রথম আলোকে জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তার সংকট যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত গুলশানের রাজনৈতিক কার্যালয়ে নিরাপত্তাব্যবস্থা এমনই রাখা হবে। তবে বাসায় ফিরতে চাইলে খালেদা জিয়াকে সব ধরনের সহযোগিতা করতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।
আগের খবর: কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা খালেদার