অবরোধ প্রত্যাহারে আবার আহ্বান আওয়ামী লীগের
বিশ্ব ইজতেমার জন্য অবরোধ কর্মসূচি প্রত্যাহার করতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। তাঁরা বলেছেন, বিএনপির অবরোধের কাছে নতি স্বীকার করে আওয়ামী লীগ আলোচনা করবে না। আন্দোলন করেও বিএনপি নির্বাচন আনতে পারবে না।
রাজধানীতে গতকাল বুধবার তিনটি অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন। আগামীকাল টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আন্দোলনের প্রয়োজন নাই। এটা ২০১৯ সালেই হবে। আপনার আন্দোলন যুদ্ধাপরাধীদের বাঁচানো ও দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার।’ তিনি বলেন, ‘ছাত্রলীগকে বলব, দেশ রক্ষায় ও ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকতে হবে।’
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আখতারুজ্জামান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম, সহসভাপতি জয়দেব নন্দী প্রমুখ।
‘খালেদা জিয়া স্বেচ্ছায় অবরুদ্ধ’: বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানের সময় ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আদালতে না যাওয়ার জন্য খালেদা জিয়া স্বেচ্ছায় অবরুদ্ধ হয়ে আছেন। সেখান থেকে সরকারের ওপর দোষ চাপাচ্ছেন তিনি।
‘অবরোধ প্রত্যাহারের আহ্বান’: বিশ্ব ইজতেমার জন্য অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তিনি দাবি করেন, বিশ্ব ইজতেমা যাতে নির্বিঘ্নে শেষ না হতে পারে এ জন্য খালেদা জিয়া অবরোধ ডেকেছেন। তিনি ভোটের আগে রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করেন।
হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ১০ জানুয়ারি আওয়ামী লীগের মহাসমাবেশ বিশ্ব ইজতেমায় প্রভাব ফেলবে না। বিশ্ব ইজতেমা হবে ঢাকার বাইরে অন্য জেলায়। গাজীপুর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ৩০ কিলোমিটারেরও অধিক দূরে। তাই ঢাকায় লক্ষাধিক লোকের সমাগম হলেও এর প্রভাব বিশ্ব ইজতেমায় পড়বে না।
গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল ও নির্মাণাধীন মঞ্চ পরিদর্শনকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমরা বিশ্বাস করি ইজতেমার আগে খালেদা জিয়া তাঁর অবরোধ কর্মসূচি তুলে নেবেন। আশা করি, কালই (আজ বৃহস্পতিবার) এমন কোনো ঘোষণা দেবেন। আশা করি, অবরোধ থাকবে না।’