অবরোধ-হরতাল ডেকে প্রতিষ্ঠান খোলা রাখছেন তাঁরা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে অনিক পেপার মিল নামের একটি কারখানা। এর মালিক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির মুখপত্র দৈনিক দিনকাল-এর সাবেক প্রকাশক মাজেদুল ইসলাম। গত বৃহস্পতিবার ওই কারখানায় গিয়ে দেখা যায়, কারখানাটি যথারীতি চালু রয়েছে। কারখানার ভেতরে কাজ করছেন শ্রমিকেরা। বাইরে থেকেই বোঝা যাচ্ছে কারখানাটি চালু রয়েছে।
ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা জানালেন, উৎপাদন স্বাভাবিক রয়েছে। হরতাল বা অবরোধের কোনো প্রভাব কারখানায় নেই। হরতাল-অবরোধের মধ্যেও কারখানার কাজ চলে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কারখানা কর্তৃপক্ষ কথা বলতে রাজি হয়নি।
নারায়ণগঞ্জে বিএনপির আরও কয়েকজন নেতার মালিকানাধীন কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়েও দেখা যায় সেগুলো চালু রয়েছে। চলছে বিএনপির নেতাদের মালিকানাধীন গাড়িও। রাজধানী ঢাকায়ও বিএনপি-জামায়াতের নেতাদের একাধিক প্রতিষ্ঠানে গিয়ে সেগুলো খোলা দেখা যায়।
বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির ৬৪ তম দিন পার হয়েছে গতকাল মঙ্গলবার। এর মধ্যে দফায় দফায় ডাকা হচ্ছে হরতাল। এতে সীমাহীন দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। ২০১৪ সালের ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে এই অবরোধ। তবে এর দুদিন আগেই শুরু হয় সহিংসতা। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১২০ জন; আহত মানুষের সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে সাত শতাধিক যানবাহনে এবং ভাঙচুর করা ছয় শতাধিক।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানের মালিকানাধীন রপ্তানিমুখী একটি সোয়েটার কারখানা রয়েছে। গত বৃহস্পতিবার (৫ মার্চ) হরতাল-অবরোধের মধ্যে ম্যাক্স সোয়েটার নামের ওই কারখানায় গিয়ে দেখা যায়, কারখানাটি চালু রয়েছে। কারখানার শ্রমিকেরা কাজ করছেন।
কারখানার একাধিক শ্রমিকের সঙ্গে কথা বলেন জানা যায়, হরতাল-অবরোধের মধ্যেও কারখানা খোলা থাকে। কারখানা খোলা থাকলে তাঁরা কাজে আসেন।
এ বিষয়ে জানতে চাইলে ম্যাক্স সোয়েটার (বিডি) লিমিটেডের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জালাল উদ্দিন আজ টেলিফোনে প্রথম আলোকে বলেন, ম্যাক্স সোয়েটার সম্পূর্ণ রপ্তানিমুখী একটি প্রতিষ্ঠান। তাই ক্রেতাদের চাহিদা অনুযায়ী মালামাল সরবরাহের জন্য বাধ্য হয়ে কারখানা খোলা রাখতে হয়। এ কারণে হরতাল-অবরোধের মধ্যে কারাখানা খোলা রাখতে হচ্ছে।
জালাল উদ্দিন আরও বলেন, হরতাল-অবরোধে অন্যদের মতো তাঁদেরও সমস্যা হচ্ছে। এ কারণে মাঝে মাঝে কারখানা বন্ধ রাখতে হয়।
এ ছাড়া যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ অর্থবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার (দিপু ভূঁইয়া) মালিকানাধীন রূপগঞ্জের গাউছিয়া মার্কেট দেশের অন্যতম বৃহৎ দেশি শাড়ি, থ্রি-পিচ ও লুঙ্গির পাইকারি মার্কেট। প্রায় আড়াই হাজার দোকান রয়েছে এই মার্কেটে। এটিও খোলা আছে।
শুধু বিএনপি নয়, হরতাল-অবরোধের মধ্যে চালু রয়েছে জোটের অন্যতম শরিক দল জামায়াতের নেতাদের বিভিন্ন প্রতিষ্ঠানও। বৃহস্পতিবার ধানমন্ডি ১০ /এ-তে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে গিয়ে প্রতিষ্ঠানটি চালু দেখা যায়। প্রতিষ্ঠানটি জামায়াতের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মীর কাশেম আলীর অধীনে ছিল। ইবনে সিনা ট্রাস্টের অন্যতম সদস্য ছিলেন তিনি। যদিও বর্তমানে ইবনে সিনা ট্রাস্টের ওয়েবসাইটে তাঁর নাম নেই।
বর্তমানে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ এস এম এ জাহের।
এ বিষয়ে জানতে চাইলে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের উপব্যবস্থাপক সৈয়দ আমিমুল ইহসান বলেন, যেহেতু ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস জীবন রক্ষাকারী ওষুধ প্রস্তুত করে, তাই হরতাল-অবরোধে এটি চালু রয়েছে। এ ছাড়া জরুরি বিষয় হওয়ায় ওষুধ সরবরাহও স্বাভাবিক আছে।
আমিমুল ইহসান আরও বলেন, প্রতিষ্ঠানের মালিকদের মতাদর্শ থাকতে পারে, তবে ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার আইন-কানুন অনুযায়ী প্রতিষ্ঠান চলে। এ ছাড়া দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হওয়ায় এটি স্টক এক্সচেঞ্জের নিয়ম মেনে চলে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর মালিকানাধীন মাল্টিমুড গ্রুপ। এ গ্রুপের অধীনে রয়েছে দুলামিয়া কটন, এঅ্যান্ডএ ইনভেস্টমেন্ট ও লাল তীরসহ অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান। টানা অবরোধ-হরতালের মধ্যেও এসব প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।
ফালুর ব্রোকারেজ হাউস চলছে
গত বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে শাহনেওয়াজ ভবনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর মালিকানাধীন ব্রোকারেজ হাউস এমএএইচ সিকিউরিটিজ লিমিটেডে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি খোলা রয়েছে। বিনিয়োগকারীরা তাঁদের লেনদেন সারছেন। অফিসে গিয়ে কর্তাব্যক্তিদের দেখা না মিললেও সংশ্লিষ্ট একজন জানান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নিয়ম অনুযায়ী তাঁদের হাউসে স্বাভাবিক লেনদেন চলছে।
চলছে পরিবহন
ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবহন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিএনপির নেতাদের গাড়িও চলছে হরতাল-অবরোধের মধ্যে। দেশের বৃহত্তম পরিবহন কোম্পানি হানিফ এন্টারপ্রাইজের বাস দেশের বিভিন্ন স্থানে যথারীতি চলাচল করছে হরতাল-অবরোধের মধ্যেই। হানিফ এন্টারপ্রাইজের মালিক বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাভার উপজেলার চেয়ারম্যান কফিল উদ্দিন। এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব উল্লাহর মালিকানাধীন ‘বন্ধন পরিবহন’ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করছে।
হানিফ এন্টারপ্রাইজের কল্যাণপুর কাউন্টারের কাউন্টার মাস্টার মো. মাসুদ টেলিফোনে প্রথম আলোকে জানান, হরতাল-অবরোধের মধ্যে হানিফ পরিবহনের গাড়ি যথারীতি চলাচল করছে।