অবরোধে মাঠে নেই নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার রাজধানীর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক দেখা গেছে। রাজধানীর কোথাও বিএনপি-জোটের নেতা-কর্মীদের অবস্থান নিতে বা অবরোধ করতে দেখা যায়নি। স্বাভাবিকের চেয়ে কম হলেও রাস্তায় গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন চলাচল করছে। তবে রাজধানী থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছাড়ছে না।

পুলিশের বাধায় গতকাল সোমবার পূর্বঘোষিত সমাবেশের জন্য গুলশান কার্যালয় থেকে বের হতে না পেরে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সারা দেশে রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

তবে আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর মিরপুর, গুলশান, মহাখালী, ফার্মগেট, বাংলামোটর, মগবাজার, শাহবাগ, পল্টন, মতিঝিল, কারওয়ান বাজার, প্রেসক্লাবসহ বিভিন্ন এলাকা ঘুরে সকাল থেকে যানবাহন চলাচল করতে দেখা গেছে। গুলশান ও কচুক্ষেত এলাকায় যানজটও চোখে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি চলাচলও বাড়ছে। খুলছে দোকানপাটও।

সকাল থেকে আগের দিনের মতো পুলিশের কড়া নজরদারি বা কঠোর অবস্থান না থাকলেও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে। তবে রাজধানীর কোথাও বিএনপির কোনো গুরুত্বপূর্ণ নেতাকে রাজপথে দেখা যায়নি। কর্মীরাও মাঠে নেই।