অবশেষে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির জাতীয় সম্মেলন হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে গতকাল শুক্রবার। আগামী ২৫ ও ২৬ জুলাই এই সম্মেলন হবে।
ছাত্রলীগের সর্বশেষ জাতীয় সম্মেলন হয় ২০১১ সালের ১০ ও ১১ জুলাই। সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় কমিটির মেয়াদ দুই বছর। এই দুই বছরের মধ্যে সম্মেলন করতে না পারলে কমিটি কার্যকারিতা হারাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে গতকাল সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করেন। একই সঙ্গে ২৮ মে ঢাকা মহানগর উত্তর, ৩০ মে ঢাকা মহানগর দক্ষিণ ও ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন হবে বলে ঘোষণা করা হয়। এ ছাড়া ১৫টি জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখও দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ১০ জুলাইয়ের মধ্যে সব জেলা শাখাকে কাউন্সিলর (ভোটার) তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে এবং যেসব জেলা শাখা এখনো পূর্ণাঙ্গ হয়নি, সেগুলো এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ করে অনুমোদন করিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রলীগের সভাপতি বলেন, ‘ছাত্রলীগ গঠিত হয়েছে ৬৮ বছর আগে, এটি হবে ২৮তম সম্মেলন। সব রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই সম্মেলন হয়ে থাকে। ছাত্রলীগের নিজস্ব গঠনতন্ত্র রয়েছে। কিন্তু তার পরও আমাদের আদর্শের ঠিকানা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। তবে তিনি আমাদের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেন না। সিটি করপোরেশন নির্বাচনের আগেই এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তাঁর পরামর্শেই এই তারিখ ঘোষণা করা হলো।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত চার বছরে বিভিন্ন অভিযোগে কেন্দ্রীয় কমিটির নেতাসহ সাড়ে ছয় শ নেতা-কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতার আজীবন বহিষ্কারের আদেশ প্রত্যাহারের দাবিও জানানো হয়। ছাত্রলীগ প্রসঙ্গে গণমাধ্যমের ভূমিকার সমালোচনাও করা হয় সংবাদ সম্মেলনে। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সহসভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।