অবশেষে নরসিংদীতে পুলিশি পাহারায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও শ্রমিক লীগের পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার পাঁচদোনা বাজার এলাকায় জাসদের এবং পাঁচদোনা সাকুরার মোড়ে শ্রমিক লীগের সমাবেশ হয়।
একই সময় এবং কাছাকাছি স্থানে দুটি দলের সমাবেশ হলেও পুলিশি তৎপরতায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। জাসদের সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আশরাফ খান ছিলেন শ্রমিক লীগের সমাবেশের প্রধান অতিথি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস বলেন, ‘সংঘাত এড়াতে আমরা আগেই দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে দুটি সভার স্থান নিরাপদ দূরত্বে নির্ধারণ করে দিয়েছিলাম। তারপরও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উভয় সভায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ রাখা হয়েছিল।’
জায়েদুল কবির বলেন, ‘আমাদের সমাবেশ পণ্ড করার সকল অপচেষ্টা করেছে স্থানীয় ক্ষমতাসীনের কিছু নেতা-কর্মী। সকল রক্তচক্ষু উপেক্ষা করে শেষে আমরা সমাবেশ করেছি। তবে সমাবেশ চলাকালে শ্রমিক লীগের নেতা-কর্মীরা মঞ্চের কাছ দিয়ে মোটরসাইকেল নিয়ে শোডাউন করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন।’
পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘জাসদের সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহাজোট নেতা হাসানুল হক ইনু। একই সময় এবং কাছাকাছি স্থানে আমাদের সমাবেশ হওয়ার কথা থাকলেও শেষে মহাজোটের নেতার প্রতি সম্মান জানিয়ে আমরা এক কিলোমিটার দূরে সমাবেশ করি।’ মোটরসাইকেল দিয়ে শোডাউন করে আতঙ্ক ছড়ানোর কথা অস্বীকার করেন তিনি।