অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন মতিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপির প্রার্থী মতিয়ার রহমান নির্বাচনের দুই দিন আগে প্রার্থিতা ফিরে পেয়েছেন। গতকাল শুক্রবার জেলা নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, দিঘী ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মতিন মোল্লা, বিএনপির মতিয়ার রহমান ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আবদুর রহমান মনোনয়নপত্র জমা দেন। ৪ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এতে একই ব্যক্তি মতিয়ার রহমান ও আবদুর রহমানের সমর্থনকারী হওয়ায় দুজনেরই মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। ফলে বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। পরে ২২ মে নির্বাচন কমিশনের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মতিয়ার রহমান। ২৪ মে হাইকোর্টের একটি বেঞ্চ মতিয়ারকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে নির্বাচন কমিশনকে আদেশ দেন। বৃহস্পতিবার রাতে দিঘী ইউপির চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়। গতকাল শুক্রবার সকালে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের ১৫ দিন আগে থেকে প্রার্থীরা প্রচারণার সুযোগ পান। কিন্তু উচ্চ আদালতের নির্দেশে কালই (আজ শনিবার) ভোট হবে।