জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, দেশের অবস্থা এমন, যেন গুম-খুনের বিচার হয় না। গতকাল সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় তিনি এসব কথা বলেন।
রওশন এরশাদ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে বিশেষ পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, তা জনগণ ভালোভাবে নিচ্ছে না।
সংসদে এ সময় সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
ইসলামিক ফ্রন্টের (মতিন) নেতা মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘যেমন করেই হোক দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বাইরে সমস্যা-বিশৃঙ্খলা দেখলে আমরা ঘরে ফিরি। কিন্তু ঘরে বা নিরাপদ আশ্রয়ে এমন ঘটনা ঘটলে মানুষ কোথায় যাবে? বাড়ি থেকে লাশ উদ্ধার হয়। ডোবায় লাশ পাওয়া যায়। এভাবে দেশ চলতে পারে না। সুশাসন প্রতিষ্ঠা না হলে, আইনের প্রতি শ্রদ্ধা না থাকলে এগুলো ঘটতেই থাকবে।’ তিনি আরও বলেন, ঈদে মানুষ ভয়ে ভয়ে সেমাই খেয়েছে। ভেজাল ছিল, কাপড়ের রং ছিল। যদি এ ধরনের খাবার খায়, তবে ঈদ কীভাবে উদ্যাপন হবে? নজরুলের ‘রমজানের ওই রোজার শেষে’ গানটাই এখন খুশি, আর কিছু নেই। তিনি বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনীকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
জাতীয় সম্প্রচার নীতিমালা সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে প্রণয়নের আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন, সম্প্রচার নীতিমালা করতে যাচ্ছেন। আলাপ-আলোচনার মাধ্যমে করা গেলে বিতর্ক হয় না, বরং গ্রহণযোগ্যতা বাড়ে। সম্পাদকেরা এর বিরোধিতা করেছেন। তাঁদের সঙ্গে আলোচনা করুন।
নিজ এলাকা ময়মনসিংহকে বিভাগ ঘোষণার দাবিও করেন রওশন এরশাদ। এ সময় পেছন থেকে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক কিশোরগঞ্জের কথা বললে তিনি বলেন, ‘কিশোরগঞ্জকে নেব না। শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ নিয়ে বিভাগ করে দিতে হবে।’