জামায়াতে ইসলামী বলেছে, যারা ধর্মে বিশ্বাস করে না, তারাই ধর্মের কথা বলে ধর্মের অপব্যবহার করে। জামায়াত কখনো ধর্মের অপব্যবহার করে না।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গত বুধবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে ‘জামায়াত হাজার বছরের মুসলিম রীতিনীতি, যা দেশে চর্চা হয়, সেই রীতিনীতিকে ধ্বংস করছে’ মন্তব্য করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করে এর প্রতিক্রিয়া জানান গোলাম পরওয়ার।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘ইনু সাহেবদের রাজনৈতিক দর্শন সমাজতন্ত্র ধর্মকে “আফিম” হিসেবে আখ্যায়িত করে। হঠাৎ করে তিনি কী কারণে ইসলাম সম্পর্কে কথা বলা শুরু করলেন, তা আমাদের বোধগম্য নয়। যুগ যুগ ধরে এ দেশে যে ইসলামি রীতিনীতি চালু আছে, তা ধ্বংসের জন্য ইনু সাহেবরা অতীতে কাজ করেছেন, এখনো করে যাচ্ছেন।’ বিজ্ঞপ্তি