‘অবৈধ’ সরকারের সঙ্গে কোনো আলোচনা নয়: খসরু
নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া এই অবৈধ সরকারের সঙ্গে কোনো আলোচনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে নগর মহিলা দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, দেশের মানুষের বিরুদ্ধে আওয়ামী লীগ আবারও ষড়যন্ত্র করছে। আবার এ দেশের মানুষের ভোট কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। বিচার বিভাগকে কুক্ষিগত করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। সরকারের কর্মকর্তাদের ব্যবহার করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনে ভোট চুরির ষড়যন্ত্র শুরু করেছে। সব ভোটচোররা আজ এক জায়গায় যুক্ত হয়েছে। কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে সরকার একটা রেজিম তৈরি করেছে। তারা সরকার নয়, তারা দখলদার। এই সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।
গুম–খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে আজ আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে দেশে ও দেশের বাইরে কেউ নেই। বাংলাদেশের জনগণ নেই আর বাইরে গণতন্ত্রকামী কেউ নেই। কিছু দুর্নীতিবাজ লোককে ব্যবহার করে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশে দিন দিন সংকট সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সরকারকে যাঁরা ক্ষমতায় টিকিয়ে রাখতে চেষ্টা করছেন, তাঁদেরও কোনো ভিত্তি নেই। দেশের মানুষ আজ কঠিন সময় পার করছে। দেয়ালে পিঠ ঠেকে গেছে কিন্তু আমরা থেমে নেই। সময় এসেছে, আগামী ছয় মাস থেকে এক বছর গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করব। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে এই সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। একটি অবৈধ অনির্বাচিত সরকারকে আর সময় দেওয়া যাবে না।’
কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক ও মহিলা দল চট্টগ্রাম বিভাগীয় দলের সদস্য শাহানা আক্তারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস, বিশেষ অতিথি নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম, প্রধান বক্তা মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক জেলি চৌধুরী প্রমুখ।