অভিন্ন লক্ষ্য নিয়ে বাম ঐক্য গড়ার আহ্বান
রাজধানীতে এক আলোচনা সভায় একাধিক বাম দলের নেতারা বাম প্রগতিশীল শক্তির ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের বিরুদ্ধে যে আন্দোলন চলছে, তা থেকে উত্তরণে জাতীয় ঐক্য প্রয়োজন। বাম দলগুলোকে অভিন্ন লক্ষ্য নিয়ে একত্রে, ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।
সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে গতকাল বুধবার ‘জ্বালাও-পোড়াও কর্মসূচি বাতিল, জামায়াত নিষিদ্ধ: সংকট সমাধানে চাই জনউদ্যোগ-জাতীয় উদ্যোগ’ শীর্ষক সভায় তাঁরা এসব কথা বলেন। সভার আয়োজন করে ঐক্য ন্যাপ।
সভায় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘যুদ্ধাপরাধী বাদে যে কারও সঙ্গে কথা বলতে রাজি আছি।’ তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে এক নয়, কয়েকজন যুদ্ধাপরাধীর ফাঁসি হয়ে যাবে। গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে উদ্দেশ করে রাশেদ খান মেনন বলেন, ‘সংস্কার তখনই খারাপ শব্দ হয়েছে যখন ডিজিএফআই এবং এক-এগারোর কুশীলবরা ব্যবহার করেছে। কামাল হোসেন বুকে হাত দিয়ে বলুক, কী উদ্দেশ্যে সংস্কারের প্রস্তাব উঠেছিল।’
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘আওয়ামী লীগের প্রতি দাবি জানাচ্ছি জামায়াতকে অবিলম্বে নিষিদ্ধ করেন। আর বিএনপির প্রতি দাবি জানাচ্ছি জামায়াতের সঙ্গ ত্যাগ করেন।’ তিনি বলেন, জামায়াতের সঙ্গ ত্যাগ করলে বিএনপির গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে বাম দলগুলোও হাত বাড়িয়ে দেবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান বলেন, নিষিদ্ধ করলে জামায়াত আন্ডারগ্রাউন্ডে থেকে তাদের কর্মকাণ্ড চালাবে—এই অজুহাতে জামায়াত নিষিদ্ধ হচ্ছে না। কিন্তু এখন তো জামায়াত আন্ডারগ্রাউন্ড থেকেই কর্মকাণ্ড চালাচ্ছে।
পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের আহ্বায়ক অজয় রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।