অভিযান 'দেরিতে' কেন, প্রশ্ন খালেদা জিয়ার
গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় কমান্ডো অভিযান চালাতে দেরি করা হয়েছে অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘তারা যখন গেছে, তখন সব শেষ হয়ে গেছে। এত দেরি কেন? এত দেরিতে কেন সে কাজটি করা হলো?’
আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়া এই প্রশ্ন তোলেন। এর আগে তিনি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, দেশের বিশিষ্ট ব্যক্তি ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
গত শুক্রবার হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে সন্ত্রাসীরা। দীর্ঘ ১২ ঘণ্টা পর ওই রেস্তোরাঁয় কমান্ডো অভিযান চালানো হয়। কিন্তু তার আগেই ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে সন্ত্রাসীরা। অভিযানে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।
কেন সকাল পর্যন্ত অপেক্ষা করা হয়েছে-সে প্রশ্ন তুলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, ‘ভোরে আমরা কী দেখলাম? মৃত মানুষকেই দেখলাম। আমরাতো কোনো কিছু দেখি নাই যে, বিরাট অপারেশন করে বিরাট একটা সাকসেসফুল করে ফেলেছে।’
খালেদা জিয়া দাবি করেন, এটা সরকারের গাফিলতি বা ব্যর্থতা। সরকারের অযোগ্যতার কারণেই এটি হয়েছে। সরকার আজ পর্যন্ত কোনো ঘটনাই ঠিকমতো মোকাবিলা করতে পারেনি।
খালেদা জিয়া দাবি করেন, আইনের শাসন ও গণতন্ত্রের অভাবে দেশে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে। প্রথম থেকেই সরকার ব্যর্থ। সরকারের উচিত ব্যর্থতার দায় নিয়ে অবাধ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে ক্ষমতা থেকে সরে যাওয়া।
বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, এখন প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। এই সব নৃশংস ঘটনাগুলো বন্ধ হওয়া দরকার। এ ক্ষেত্রে সরকারেরই দায়িত্ব বেশি। কিন্তু তারা মানুষকে ঐক্যবদ্ধ করার বদলে ‘ব্লেম গেম’ করছে। সত্যিকার যারা অপরাধী তাদের ধরা হচ্ছে না। সত্যিকার অপরাধীদের না ধরলে এ ধরনের ঘটনা আরও ঘটবে। এসব মোকাবিলা করার প্রস্তুতি সরকারের আছে কি না, সেটি দেখা দরকার।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইতালি, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিসহ ২৬টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তবে ভারত ও পাকিস্তানের কেউ শুভেচ্ছা বিনিময়ে ছিলেন না।
বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহউপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী প্রমুখ খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আসম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় শেষে খালেদা জিয়া চন্দ্রিমা উদ্যানে তাঁর স্বামী জিয়াউর রহমানের কবর এবং পরে বনানীতে ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন।