অভিযানের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের আহ্বান বাসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিচ্ছেন বাসদ নেতারা। ছবি: প্রথম আলো
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিচ্ছেন বাসদ নেতারা। ছবি: প্রথম আলো

মাদকবিরোধী অভিযানের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এই আহ্বান জানান।

বাসদের নেতারা বলেন, দেশে আইন ও সংবিধান আছে। সে অনুযায়ী সবার বিচার পাওয়ার অধিকার আছে। তাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।

বিক্ষোভ সমাবেশে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘আইনবহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনা করে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। বন্দুকযুদ্ধের নামে যা চলছে, তা কোনো সভ্য গণতান্ত্রিক দেশে চলতে পারে না। এভাবে হত্যা আইনের প্রতি অশ্রদ্ধা ও অবজ্ঞা। এর মাধ্যমে জনগণের মৌলিক অধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে। মাদকের পেছনে যাঁরা কোটি কোটি টাকা অর্থ বিনিয়োগ করছেন, তাঁরা পার পেয়ে যাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

সমাবেশে সভাপতির বক্তব্যে বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ বলেন, এ বছরের ডিসেম্বরে নির্বাচন হবে। বর্তমান সরকার ১০ বছর ধরে ক্ষমতায় আছে। তাহলে এত দিন কেন মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হয়নি? মাদকের গডফাদাররা নির্বিঘ্নে বহাল তবিয়তে চলাচল করছে। একাধিক সাংসদ মাদকের পেছনে আছেন জানিয়ে বজলুর রশিদ বলেন, পার্লামেন্টে মাদকবিরোধী অভিযান চালান। তাহলে মাদক নির্মূল হবে।

সরকারকে কথিত বন্দুকযুদ্ধের মাধ্যমে হত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে বাসদের এই নেতা বলেন, ‘এভাবে বিচারবহির্ভূত হত্যা বন্ধ করুন। না হলে জনগণ আপনাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে।’

বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার সমন্বয়ক নিখিল দাস বলেন, ‘সরকার সংবিধান রক্ষার কথা বলছে, আইনের শাসনের কথা বলছে। অন্য দিকে বিচারব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মানুষ হত্যা করছে।’

বাসদের নগর শাখার সদস্য শম্পা বসু বলেন, ‘মাদক অভিযানের নামে মানুষকে হত্যা করা কোনো সমাধান নয়।’ মাদকের মূল হোতাদের খুঁজে বের করে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।

বাসদের নগর শাখার আরেক সদস্য আহসান হাবিব বুলবুল বলেন, ১০ বছর ক্ষমতায় থেকে এখন শেষ সময়ে এসে সরকার মাদকবিরোধী অভিযান চালাচ্ছে। এত দিন তারা কেন অভিযান চালায়নি? তাই বর্তমানে দেশে মাদকের এই ভয়াবহতার দায় সরকার এড়াতে পারে না। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের সংবিধান অনুযায়ী বিচার পাওয়ার অধিকার আছে বলে মনে করেন তিনি।