অভিযোগ অস্বীকার করল আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা নির্বাচনে বেশির ভাগ কেন্দ্রে প্রকাশ্যে সিল মারার অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ। গতকাল রোববার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করা হয়।
গত ৩১ ডিসেম্বর প্রথম আলোয় ‘ভৈরবে প্রকাশ্যে সিল’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া, নবনির্বাচিত মেয়র ফখরুল আলম, দলটির জ্যেষ্ঠ সহসভাপতি মির্জা সুলায়মান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহ ও রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম। লিখিত বক্তব্য পাঠ করেন সায়দুল্লাহ মিয়া।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, আওয়ামী লীগের প্রার্থী ফখরুল আলমের নিজ এলাকা ভৈরবপুরের বিভিন্ন কেন্দ্রে ৬২ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে। অপরদিকে বিএনপির প্রার্থী শাহীনের এলাকা কালিপুরের কেন্দ্রগুলোতে ভোট পড়েছে গড়ে ৮২ শতাংশ। আওয়ামী লীগ যদি সিল মারত, তা হলে উভয় প্রার্থীর নিজ এলাকার ফলাফলের চিত্র এমন হতো না। তা ছাড়া ২০১১ সালের নির্বাচনে শাহীন ১২ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। আগের নির্বাচনে আওয়ামী লীগের ছিলেন তিনজন প্রার্থী। তিন প্রার্থী মিলে পেয়েছিলেন ৩৩ হাজার ভোট। ৩৩ হাজার ভোট তিন প্রার্থীর হলেও তা ছিল আওয়ামী লীগের। এবার আওয়ামী লীগ ও বিএনপির একক প্রার্থী। এবার আওয়ামী লীগের প্রার্থী ৩০ হাজার ৭১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর শাহীন ১৯ হাজার ৯০১ ভোট পেয়ে পরাজিত হন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নির্বাচনের দিন হাজি আসমত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বিএনপির প্রার্থীকে বের করে দেওয়া এবং তাঁর সঙ্গে আসা শামীম আহমেদ নামের এক ব্যক্তিকে আটকের কথা প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। ওই সময় শামীমের কাছ থেকে পুলিশ যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে, সেই কথাটি উল্লেখ করা হয়নি।