অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে আদেশ ৩১ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও অপর ৩৭ জনের বিরুদ্ধে দাখিল করা তিন অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা বিষয়ে আগামী ৩১ আগস্ট আদেশ দেবেন আদালত। খবর ইউএনবির।

এ বিষয়ে গতকাল রোববার এক শুনানি শেষে ওই তারিখ নির্ধারণ করেন ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত। অভিযোগপত্র গৃহীত হলে বিএনপির চেয়ারপারসন ও অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শুরু হবে।

গত ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় রাত সাড়ে নয়টার দিকে গ্লোরি পরিবহনের একটি বাসে দুটি পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। ওই ঘটনায় বাসটির অন্তত ২৯ জন যাত্রী দগ্ধ হন। তাঁদের একজন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বাসটি গুলিস্তান থেকে রূপগঞ্জ যাচ্ছিল।

ওই ঘটনায় যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কে এম নুরুজ্জামান দুটি মামলা করেন। একটি করেন হত্যার অভিযোগে ও অপরটি পেট্রলবোমা ছোড়ার দায়ে। ২৪ জানুয়ারি বিশেষ ক্ষমতা আইনে করা এসব মামলায় খালেদা জিয়াকে ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে আসামি করা হয়।

দুই মামলায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) খালেদা জিয়া ও অন্যদের বিরুদ্ধে গত ৬ ও ১৯ মে ঢাকা মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে পৃথক তিনটি অভিযোগপত্র দাখিল করে।

অভিযুক্ত অন্য ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা নগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, দলটির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল ও সুলতান সালাউদ্দিন টুকু।     

ড্যাবের ইফতারে খালেদা জিয়া: প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান,বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, পুলিশের কিছুসংখ্যক সদস্য মানুষ গুম করে টাকা দাবি করে। টাকা না দিলে ক্রসফায়ার বা জেলে দেওয়া হয়। তিনি মন্তব্য করেন, তারা ব্যবসা শুরু করেছে। পুলিশের হাত এখন আইনের হাতের চেয়েও লম্বা হয়ে গেছে।

গতকাল সোমবার বিএনপির সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে খালেদা জিয়া ওই অভিযোগ করেন।

রাজধানীর লেডিস ক্লাবে ড্যাবের এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাগরিবের আজানের সময় অনুষ্ঠানস্থলে গিয়ে পৌঁছান খালেদা জিয়া। ইফতার শেষে তিনি বক্তব্য দেন। বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, বিচার বিভাগে দলীয়করণের কারণে বিরোধী নেতা-কর্মী ও সাধারণ মানুষ সুবিচার পাচ্ছে না।

খালেদা জিয়া অভিযোগ করেন, এখন সব সরকারি পদে দলীয় বিবেচনায় নিয়োগ ও পদোন্নতি দেওয়া হচ্ছে। যোগ্যতা, জ্যেষ্ঠতা—এসব বিবেচনায় নেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র অর্থহীন হয়ে গেছে। আইনের শাসন নেই, জান-মালের নিরাপত্তা নেই।’

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হক, মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপি, বিএনপি-সমর্থক বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।