অভিযোগে এগিয়ে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী সিটি করপোরেশন
রাজশাহী সিটি করপোরেশন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের প্রচারকাজে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রতিপক্ষ বিএনপির চেয়ে বিস্তর এগিয়ে। নির্বাচনের কৌশলেও আওয়ামী লীগের চেয়ে বিএনপি যথেষ্ট পিছিয়ে। সর্বশেষ জানা গেছে, নির্বাচনী অভিযোগের ক্ষেত্রেও আওয়ামী লীগ বিএনপির চেয়ে দ্বিগুণের বেশি এগিয়ে।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, বিএনপি এখন পর্যন্ত নয়টি চিঠিতে ২৩টি অভিযোগ করেছে। অন্যদিকে আওয়ামী লীগ পৃথক পৃথক চিঠিতে ৫৩টি অভিযোগ করেছে। বিএনপি বলেছে, রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করে তারা কোনো ফল পায়নি। আর আওয়ামী লীগ পায়নি সাড়া।

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ অভিযোগের মধ্যে আছে পুলিশ কমিশনার বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে ত্রাস সৃষ্টি করছে। জেলা প্রশাসক বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ দিচ্ছেন, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে দিচ্ছেন না। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে আওয়ামী লীগ বলেছে, বিএনপির কর্মী-সমর্থকেরা তাঁদের মেয়র প্রার্থী এ এইচ এম কামরুজ্জামানের পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলছে।

আজ বুধবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস এম কামাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, তাদের অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে কোনো কিছু জানানো হয়নি।

রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করে বিএনপি বলেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া নির্বাচনী এলাকায় কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে উচ্চ আদালতের নির্দেশ থাকলেও পুলিশ বিএনপির নেতা-কর্মীদের আটক করে ভিন্ন জেলায় পাঠিয়ে দিচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে পুলিশ সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর করে দখল করে নিচ্ছেন।

আরও একটি অভিযোগ বিএনপি বলেছে, আইন অনুযায়ী মেয়র পদের প্রার্থী নির্বাচনে সর্বোচ্চ ১৫ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় করতে পারবেন। কিন্তু নির্বাচনের প্রচারকাজ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের পোস্টারে পুরো নগরী ছেয়ে যায়। যে পরিমাণ পোস্টার, ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে, তাঁর খরচ কয়েক কোটি টাকা হবে।

জেলা বিএনপির সভাপতি তোফজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ করে কোনো প্রতিকার পাইনি। টেলিফোনে যোগাযোগ করা হলে রিটার্নিং কর্মকর্তা আমাদের সিইসির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।’

দুই দলের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা আতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো আমরা ভ্রাম্যমাণ আদালতের কাছে পাঠিয়ে দিয়েছি। আর পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, সেসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে অভিযোগগুলো পুলিশ কমিশনারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।’