অভিশংসন প্রশ্নে এখন তাঁরা উল্টো অবস্থানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চদশ সংশোধনী পাস হওয়ার আগে বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে আনার বদলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিদ্যমান ব্যবস্থা বহাল রাখার পক্ষে ছিলেন আওয়ামী লীগের আইন বিষয়ে অভিজ্ঞ শীর্ষ নেতারা। সংবিধান সংশোধন বিষয়ে গঠিত সর্বদলীয় বিশেষ কমিটির কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত বিচারপতিদের অভিশংসনের বিরোধিতা করে যে মতামত দেন, ওই কমিটিতে তার কোনো ভিন্নমতও রেকর্ড হয়নি।
সাজেদা চৌধুরী ছিলেন ওই কমিটির চেয়ারপারসন এবং বিএনপি-জামায়াত জোটের সংসদের অন্য দলগুলোর শীর্ষ নেতারা ওই কমিটির সদস্য ছিলেন। কমিটির বৈঠকগুলোর কার্যবিবরণীতে দেখা যায় যে মতবিনিময় বা আলোচনার পর্বে কয়েকজন সাংসদ বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নেওয়ার পক্ষে মতামত দিয়েছিলেন। জেনারেল এরশাদের জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও জাসদ দলীয়ভাবে অভিশংসনের পক্ষে ছিল। তবে বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত সংবিধানের ৯৬ অনুচ্ছেদে পরিবর্তন আনার ব্যাপারে আওয়ামী লীগের দলীয়ভাবে কোনো অবস্থান ছিল না।
এমনকি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান সংশোধন-সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির কাছে দেওয়া বক্তব্যে বিচারপতিদের অপসারণ বিষয়ে কোনো কথা বলেননি। এ প্রসঙ্গে দলের নেতাদের মধ্যে কোনো সমন্বয় ও দলীয় অবস্থান না থাকায় এর সমালোচনা করেছিলেন সরকারদলীয় সাংসদ তোফায়েল আহমেদ।
২০১১ সালের জুনে পাস হওয়া পঞ্চদশ সংশোধনীর পর মাত্র তিন বছরের মাথায় সরকার ও তার দলীয় সাংসদদের অবস্থান পাল্টে গেছে। এখন তাঁরা সবাই বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে থাকা উচিত বলে মত দিচ্ছেন। তখন তাঁরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল রাখার পক্ষে মত দিলেও এখন বলছেন, বিষয়টি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
হাইকোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করার পর সংসদ ২০১০ সালের ২১ জুলাই রায়ের আলোকে সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করে। কমিটির চেয়ারপারসন ছিলেন সাজেদা চৌধুরী এবং কো-চেয়ারপারসন ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। কমিটি মোট ২৭টি বৈঠক করে। ২০১১ সালের ২৪ এপ্রিল কমিটির ১৮তম ও ২৮ মে ২৬তম বৈঠকে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ নিয়ে আলোচনা হয়। এ ছাড়া একই বছরের ৭ এপ্রিল কমিটির ২০তম বৈঠকে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সদস্যরা তাঁদের মতামত তুলে ধরেন।
বিশেষ কমিটির সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলের সদস্যরা বিচারপতিদের অপসারণক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে আনা নিয়ে দুই ধরনের বক্তব্য দেন। প্রতিনিধিদলের সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন অপসারণের ক্ষমতা সংসদের কাছে না রেখে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে রাখার কথা বলেন। তিনি বলেন, এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিচারপতিরা যে সাহসিকতা দেখিয়েছেন, নেতা-কর্মীদের আইনের মাধ্যমে রক্ষা করেছেন, সেটা মনে করে কাউন্সিলের বিষয়টি বহাল থাকাই ভালো। তবে এইচ টি ইমাম ও মহিউদ্দিন খান আলমগীর বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে আনার পক্ষে মত দেন। তাঁদের যুক্তি ছিল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অপসারণের ক্ষমতা সংসদের কাছে থাকলে এটাও থাকা উচিত। তা ছাড়া সংবিধানে জনগণকে সব ক্ষমতার উৎস বলেছে।
প্রতিনিধিদলের সদস্যদের দুই ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিশেষ কমিটির সদস্য সরকারদলীয় সাংসদ তোফায়েল আহমেদ বলেছিলেন, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার বিষয়ে আওয়ামী লীগ প্রতিনিধিদলের দুই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। তিনি এ ব্যাপারে দলীয় অবস্থান পরিষ্কার করার জন্য প্রতিনিধিদলের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু ওই সভার কার্যবিবরণীতে শেখ হাসিনার বক্তব্যে ৯৬ অনুচ্ছেদের বিষয়ে কোনো উল্লেখ নেই।
২৬তম বৈঠকে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রেখে সেখানে কাউন্সিলের সদস্যসংখ্যা বৃদ্ধি এবং কারা সদস্য হবেন, সে ব্যাপারে সংশোধনী আনার কথা বলেন। আরেক সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিচারপতিদের বিষয়টি তো গেল। সাংবিধানিক অন্যান্য পদে যাঁরা আছেন, তাঁদের ইমপিচমেন্টের বিষয়টি আনতে হবে। কমিটির কো-চেয়ারপারসন এবং আওয়ামী লীগের আইন ও সংসদ বিষয়ে বিশেষজ্ঞ সুরঞ্জিত সেনগুপ্ত ওই কমিটির আলোচনার ওপর ভিত্তি করে কমিটির রিপোর্ট তৈরির দায়িত্ব পালন করেন। কিন্তু তাঁর উপসংহারমূলক বক্তব্যের সঙ্গে কমিটির অন্য কেউ ভিন্নমত রেকর্ড করেননি।
বিচার বিভাগসংশ্লিষ্ট অনেকের মতে, সুপ্রিম কোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করায় সরকার সন্তুষ্ট হয়ে তখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল রেখেছিল। কিন্তু ২০১২ সালে একজন বিচারকের মন্তব্য এবং এ বিষয়ে সংসদের স্পিকারের রুলিংকে কেন্দ্র করে বিচার বিভাগ ও সংসদের মধ্যে বিরোধ দেখা দেয়। এরপর ২০১৩ সালে সুপ্রিম কোর্ট সংসদের তৈরি আদালত অবমাননা আইন বেআইনি বলে রায় দেন। এ দুটি ঘটনার পর সরকারপক্ষ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান বাতিল করে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
গত ৭ সেপ্টেম্বর আইনমন্ত্রী আনিসুল হক সংবিধানের ষোড়শ সংশোধনী বিল সংসদে উত্থাপন করেছেন, যা আজ পাস হতে পারে। এতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে ১৯৭২ সালের সংবিধানের অনুরূপ বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ন্যস্ত করার প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান সংবিধানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ন্যস্ত আছে, যা প্রধান বিচারপতি ও দুজন বিচারপতি নিয়ে গঠিত।
বিষয়টিতে সাবেক বিচারপতি ও আইন বিশেষজ্ঞরাও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রাখার পক্ষে মত দিয়েছিলেন। এমনকি, বিশেষ কমিটির সঙ্গে বৈঠকে বর্তমান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, তিনজনের জায়গায় ছয়জন নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা যেতে পারে। নতুন তিনজন হবেন অ্যাটর্নি জেনারেল, স্পিকার মনোনীত একজন সাংসদ এবং রাষ্ট্রপতি মনোনীত সুপ্রিম কোর্ট বারের একজন সদস্য। মতামতের ক্ষেত্রে এঁদের মধ্যে টাই হয়ে গেলে বিষয়টি সংসদে পাঠানো হবে। কিন্তু অ্যাটর্নি জেনারেলের সেই বক্তব্যের সঙ্গে বর্তমানের বক্তব্যের কোনো মিল নেই। এখন তিনি বলছেন, সংসদ ক্ষমতা পেলে বিচারপতিদের স্বার্থ আরও সুরক্ষিত হবে।
অবশ্য, মঙ্গলবার রাতে মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে তিনি অংশ নিয়েছিলেন কি না, বা এ বিষয়ে কোনো মত দিয়েছিলেন কি না, সেটা তাঁর মনে নেই।
বৈঠকে সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল বলেছিলেন, মার্শাল ল যদি ভালো কিছু করে থাকে, সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। নিজের সমধর্মী বা সহকর্মী ছাড়া অন্য কারও দ্বারা তাঁর বিচার করা ঠিক নয়।
সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিমও কাউন্সিল রাখার পক্ষে বলেন। ওই বৈঠকে উপস্থিত বিশেষ কমিটির চেয়ারপারসন সাজেদা চৌধুরী, কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত, সদস্য আবদুল মতিন খসরু, তোফায়েল আহমেদসহ আরও অনেকেই বিশেষজ্ঞদের মত আমলে নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল রেখে সংবিধান সংশোধনের খসড়া তৈরি করেছিলেন। কিন্তু তাঁদের সবাই এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিলের পক্ষে অবস্থান নিয়েছেন।
বর্তমান অবস্থান সম্পর্কে মঙ্গলবার রাতে সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘নীতিগতভাবে ২০১১ সালেও আমি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিপক্ষে ছিলাম। কমিটির বেশির ভাগ সদস্য এর পক্ষে থাকায় আমাকে তা মেনে নিতে হয়েছিল।’
অবশ্য ওই কমিটি পঞ্চদশ সংশোধনীতে দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা রাখার পক্ষে সুপারিশ করলেও প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়েছিলেন।