কক্সবাজারকে বলা হয় বিএনপির ঘাঁটি। ৫ জানুয়ারির নির্বাচনের আগ পর্যন্ত এখানকার চারটি সংসদীয় আসনের বেশির ভাগই ছিল দলটির দখলে। কিন্তু দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল ও মামলায় দলটি সাংগঠনিকভাবে নাজুক অবস্থার মধ্যে পড়েছে।
তবে দলটির বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ লুৎফর রহমান দাবি করেন, মামলা ও পুলিশের হয়রানি সত্ত্বেও কক্সবাজারে বিএনপি এখনো অনেক শক্তিশালী। তিনি বলেন, বিভিন্ন মিথ্যা মামলায় আসামি হয়ে তাঁদের দলের কয়েক হাজার নেতা-কর্মী ঘরছাড়া রয়েছেন। কয়েক শ আছেন কারাগারে।
দলীয় সূত্র জানায়, গত ৫ জানুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত বিরোধী জোটের টানা ৬৭ দিনের হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে নাশকতা ও সহিংসতার ঘটনায় কক্সবাজারে মামলা হয় ১৫টি। এসব মামলায় বিএনপির দুই হাজার নেতা-কর্মীসহ আরও কয়েক হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৪১৮ জন নেতা-কর্মী।
সম্প্রতি জেলার শীর্ষ নেতাদের মধ্যে একধরনের সমঝোতা হলেও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কোন্দল রয়ে গেছে বলে জানিয়েছে দলের একাধিক সূত্র।
কক্সবাজার জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০০৯ সালের ২০ নভেম্বর। ওই সম্মেলনে সভাপতি পদে সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে আইনজীবী শামীম আরার (স্বপ্না) নাম ঘোষণা করা হয়। শামীম আরার নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে শুরু হয় হইচই। এরপর তা সংঘর্ষ ও ভাঙচুরে রূপ নেয় এবং সম্মেলন পণ্ড হয়ে যায়। এরপর বিএনপির একটি অংশ শাহজাহান চৌধুরীকে সভাপতি ও শামীম আরাকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা দেয়। আরেকটি অংশ কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ লুৎফর রহমানকে (কাজল) সভাপতি এবং কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আলমগীর ফরিদকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটির ঘোষণা দেয়। এরপর বিভিন্ন সময়ে দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন, একাধিক দফা সংঘর্ষে জড়ায়। পাল্টাপাল্টি মামলাও হয়।
২০০৯ সালে পাল্টাপাল্টি যে দুটি কমিটি হয়েছে, তার মেয়াদও শেষ হয়েছে আড়াই বছর আগে। এরপর আর সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়নি। এ জন্য উভয় অংশের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহ্মদকে দায়ী করেন। তাঁরা বলেন, শাহজাহান চৌধুরীকে সভাপতি ও লুৎফর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি করলে অনেক আগেই বিরোধ মিটে যেত। কিন্তু সালাহ উদ্দিন কিছুতেই লুৎফর রহমানকে মেনে নিতে পারেননি। আবার লুৎফর রহমান বাদ দিতেও পারেননি। কারণ, জেলা সদরে নেতা-কর্মীদের বেশির ভাগ অংশ তাঁর সঙ্গে আছে। ৫ জানুয়ারির পর শুরু হওয়া আন্দোলনে এখানে দলীয় সব কর্মসূচি পালিত হয়েছে লুৎফর রহমানের নেতৃত্বে।
কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী জানান, কেন্দ্রীয় নেতৃত্ব ও তৃণমূলের চাপে পড়ে কোন্দল নিরসনে জেলা বিএনপির দুই অংশের নেতারা গত বছরের ২১ মে একসঙ্গে বসেন। এরপর ৩১ মে সালাহ উদ্দিন আহ্মদ ও লুৎফর রহমান বৈঠক করে একটা সমঝোতায় আসেন। তখন বলা হয়েছিল, জেলার আট উপজেলার ৭৪টি ইউনিয়নে সম্মেলন শেষ করে ২০১৫ সালের এপ্রিলে জেলা সম্মেলন করা হবে। কিন্তু তার আগে গত ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিন আহ্মদ ‘অপহৃত’ হওয়ার সব পরিকল্পনা পাল্টে যায়। এরপর সালাহ উদ্দিনকে অপহরণের প্রতিবাদে বিএনপির দুই অংশ ঐক্যবদ্ধভাবে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করে।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিনের কোন্দল মিটিয়ে আমরা এক হয়েছি। গত উপজেলা নির্বাচনে আটটি উপজেলার মধ্যে চারটিতে বিএনপির প্রার্থী জিতেছেন। এখন দলীয় কোন্দল নিরসনের পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার চেষ্টা চলছে।’