অভয়নগরে আ.লীগ নেতাকে হত্যার প্রতিবাদে আন্দোলন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের নেতা ওলিয়ার রহমান (৬২) হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন অব্যাহত আছে। গতকাল বৃহস্পতিবারও উপজেলা আওয়ামী লীগ ও নওয়াপাড়া প্রেসক্লাব পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
হত্যাকাণ্ডের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ গত মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ শেষে একটি মিছিল নওয়াপাড়া বাজার প্রদিক্ষণ করে। গত বুধবার শ্রমজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার সেখানে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করে অভয়নগর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং নওয়াপাড়া প্রেসক্লাব। এসব কর্মসূচি থেকে অবিলম্বে ওলিয়ার রহমানের খুনিদের গ্রেপ্তার ও এর পেছনের লোকদের নাম প্রকাশের দাবি জানানো হয়। অন্যথায় নওয়াপাড়া অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়।
এদিকে গত রোববার হত্যাকাণ্ডের পরদিন সোমবার নিহত ব্যক্তির স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে ওই তিনজনসহ অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় একটি মামলা করেন। একই রাতে যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বাদী হয়ে সাতজনকে আসামি করে অস্ত্র আইনে আরেকটি মামলা করেন।
পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর ওই দিনই যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি) মনিরামপুর ও অভয়নগর থানার পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে মনিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি মাছের ঘেরের টংঘর থেকে জাহিদুল ইসলাম ওরফে রুবেল (২২) নামে একজনকে আটক করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামের সূচিত্রা বিশ্বাসকে (২৮) আটক করে। তাঁর বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ছাড়া একই এলাকা থেকে সমীর মণ্ডল (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার রুবেলকে আদালতে হাজির করে পুলিশ। আদালতে তিনি অপরাধ স্বীকার করে এ হত্যাকাণ্ডে অংশ নেওয়ার ব্যাপারে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানায়।
যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী ও পরিকল্পনাকারীদের আমরা চিহ্নিত করতে পেরেছি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
প্রসঙ্গত, রোববার সকালে উপজেলা পরিষদের কাছে নওয়াপাড়া বাইপাস সড়কে মোটরসাইকেল আরোহী তিনজন সন্ত্রাসী ওলিয়ার রহমানকে গুলি করে হত্যা করে। তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাড়াও নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি, নওয়াপাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সংসদের সদস্য, ১২টি শ্রমিকসংগঠনের সমন্বয়ে গঠিত অভয়নগর শ্রমজীবী সমন্বয় পরিষদ ও নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির সাধারণ সম্পাদক ছিলেন।