অমিতের সঙ্গে কথা হয়েছে, দাবিতে অনড় বিএনপি
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহের সঙ্গে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ খালেদা জিয়ার কথা হয়েছে বলে বিএনপি যে দাবি করেছিল তাতে এখনো অনড় আছে দলটি।
বিএনপি অমিত শাহের সঙ্গে খালেদা জিয়ার ফোনে কথা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির পক্ষ থেকে দাবি করা হলেও আজ আওয়ামী লীগের পক্ষ থেকে সে দাবি নাকচ করা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ স্বাক্ষরিত এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান একই দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, ভারতীয় জনতা পার্টির সভাপতি অমিত শাহের সঙ্গে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কথা হয়নি বলে কয়েকটি গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাইকমান্ডের সঙ্গে আলাপ করে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, `বিএনপির চেয়ারপারসনের সঙ্গে বিজেপির সভাপতির কথা হয়েছে; এটাই নির্ভেজাল সত্যি।’
বিবৃতিতে আরও বলা হয়, ক্ষমতাসীন মহল উদভ্রান্ত হয়ে সবদিক থেকে ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়ে নানামুখী অপপ্রচার চালাচ্ছে। দেশবাসীকে ‘এই অবৈধ সরকারের মিথ্যাচার’ সম্পর্কে সচেতন থাকার জন্যও আহ্বান জানান রিজভী।
এদিকে আজ শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো অপর এক বিবৃতিতে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, ‘আমরা দৃঢ়তার সঙ্গে সকলকে আবারও জানাতে চাই যে, সংবাদমাধ্যমে গতকাল বৃহস্পতিবার দেওয়া তথ্য সম্পূর্ণ ঠিক। বিজেপির প্রধান সরাসরি টেলিফোন আলাপে বেগম খালেদা জিয়ার কুশলাদি সম্পর্কে অবহিত হয়েছেন। অমিত শাহ কিংবা তাঁর অধীনস্থ সংশ্লিষ্ট কারও কাছ থেকে এর সত্যতা নিরূপণ না করে অজ্ঞাতনামা কূটনৈতিক বা অন্যান্য সূত্রের বরাত দিয়ে বিভ্রান্তির চেষ্টা অনভিপ্রেত।’