একের পর এক আর্থিক কেলেঙ্কারির ঘটনা সরকার ধামাচাপা দিচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ অভিযোগ করে বলেন, দলের রাঘববোয়ালরা জড়িত বলেই কি সরকার এসব কেলেঙ্কারি ধামাচাপা দিচ্ছে?
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের নামে রিজার্ভের প্রায় ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় এ বিবৃতি দেয় জামায়াত। এতে বলা হয়, বর্তমান সরকারের সময় পুঁজিবাজারে কেলেঙ্কারির ঘটনা প্রায় ৩২ লাখ বিনিয়োগকারীকে পথে বসিয়েছে। ২০১২ সালে সোনালী ব্যাংকের আড়াই হাজার কোটি টাকার কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়। এর সঙ্গে হল-মার্ক গ্রুপের ৩ হাজার ৬০৬ কোটি টাকার কেলেঙ্কারির ঘটনা তোলপাড় সৃষ্টি করেছিল। বেসিক ব্যাংকের ৪ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে জনতা ব্যাংকের ২৫১ কোটি টাকার দুর্নীতি ধরা পড়েছে এবং পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া জনতা ব্যাংকেও বহু অর্থ কেলেঙ্কারি ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই রাজধানীতে একাধিক বেসরকারি ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির ঘটনা ঘটেছে। এর রেশ না কাটতেই প্রিমিয়ার ব্যাংক থেকে ৩৪ লাখ টাকা ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনা ঘটে।