অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগ দাবি বিএনপির

বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা চুরির দায়ে অবিলম্বে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করেছে বিএনপি।
আজ শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের অর্থনীতিকে ‘রাবিশে’ পরিণত করার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান দায়ী। তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা হ্যাক হয়ে যাওয়ার পরও তাঁরা এখন দায়িত্ব পালন করছেন কোন নৈতিক অধিকারে?
রুহুল কবির রিজভী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ড থেকে ১০ লাখ ডলার চুরির ঘটনাকে ইতিহাসের সবচেয়ে ন্যক্কারজনক জালিয়াতি বলে উল্লেখ করেন। তিনি বলেন, সরকারের লোকজনের সম্পৃক্ততা ছাড়া এত বড় জালিয়াতির ঘটনা কোনোভাবেই সম্ভব নয়। এ টাকা চুরিতে সরকারের প্রভাবশালী মহল ও সংঘবদ্ধ চক্র জড়িত বলে বাংলাদেশ ব্যাংক স্বীকার করেছে। তিনি অবিলম্বে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংক লুটপাটকারীকে চিহ্নিত করে বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে নিরাপত্তার কারণে বাংলাদেশ থেকে কার্গো বিমানে মালামাল পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার ঘটনার কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এর ফলে দেশের তৈরি পোশাকশিল্প বিপর্যয়ের মুখে পড়বে। ইতিমধ্যে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এ আশঙ্কা প্রকাশ করেছে।
রিজভী দাবি করেন, বাংলাদেশ বস্তুত ভয়াবহ অবরোধের মধ্যে পড়তে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে দেশে গণতন্ত্রহীনতা ও জবাবদিহির অভাব। যার ফলে দেশের অর্থনৈতিক খাতে ‘জোর যার মুল্লুক তার’ পরিস্থিতি চলছে।