বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০০ কোটি টাকা চুরির ঘটনাকে ‘ইতিহাসের সবচেয়ে ন্যক্কারজনক জালিয়াতি’ আখ্যায়িত করে এ জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের পদত্যাগ দাবি করেছে বিএনপি। একই সঙ্গে দলটি বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংক লুটপাটকারীদের অবিলম্বে চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এ দাবির কথা জানান। তিনি বলেন, সরকারের লোকজনের সম্পৃক্ততা ছাড়া এত বড় জালিয়াতি কোনোভাবেই সম্ভব নয়। এ টাকা চুরিতে সরকারের প্রভাবশালী মহল ও সংঘবদ্ধ চক্র জড়িত বলে বাংলাদেশ ব্যাংক স্বীকার করেছে। তিনি বলেন, দেশের অর্থনীতিকে ‘রাবিশে’ পরিণত করার জন্য অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর দায়ী। তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা চুরি হওয়ার পরও তাঁরা দায়িত্ব পালন করছেন কোন নৈতিক অধিকারে।
সংবাদ সম্মেলনে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ থেকে আকাশপথে যুক্তরাজ্যে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ নিষেধাজ্ঞার ফলে দেশের তৈরি পোশাকশিল্প বিপর্যয়ের মুখে পড়বে। ইতিমধ্যে পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ এই আশঙ্কা প্রকাশ করেছে।