অর্থমন্ত্রী-প্রতিমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে সংসদে আবার অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রতিমন্ত্রী এম এ মান্নানের অনুপস্থিতি নিয়ে আবারও অসন্তোষ প্রকাশ করেছে বিরোধী দল জাতীয় পার্টি। আজ সোমবার সংসদ অধিবেশনের শুরুতেই এ ঘটনা ঘটে।

অধিবেশন শুরুর পর ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া দিনের কার্যসূচিতে থাকা প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করেন। এরপর তিনি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিতে সরকারি দলের সাংসদ সুবিদ আলী ভূঁইয়াকে আহ্বান জানান।
এ সময় জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ ও বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী পয়েন্ট অব অর্ডারে ফ্লোর চান। ডেপুটি স্পিকার তা দেননি। এ সময় ফিরোজ রশীদ মাইক ছাড়াই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রতিমন্ত্রী এম এ মান্নানের অনুপস্থিতির বিষয়ে ফজলে রাব্বীর দৃষ্টি আকর্ষণ করেন।
ডেপুটি স্পিকার এ সময় ফিরোজ রশীদ ও বিরোধী দলের প্রধান হুইপকে আসনে বসার আহ্বান জানিয়ে বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা আমার সঙ্গে দেখা করেছেন। তাঁরা এখানে আছেন। মাননীয় সদস্যদের বক্তব্য নোট করার জন্য তাঁরা আছেন।’
গতকাল রোববারও বাজেট আলোচনায় অংশ নিয়ে ফিরোজ রশীদ অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীর অনুপস্থিতির জন্য অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সংসদে অর্থমন্ত্রী নেই, প্রতিমন্ত্রীও নেই। কে আমাদের বক্তব্যের জবাব দেবেন। এখানে কথা বলা আর আকাশের সঙ্গে কথা বলা একই কথা।’
আজ অধিবেশন শুরুর নির্ধারিত সময় ছিল বেলা ১১টা। তবে তা ১০ মিনিট দেরিতে শুরু হয়। অধিবেশন শুরুর সময় সংসদের কেবিনেট কক্ষে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক চলছিল। ফলে বৈঠক শুরুর সময় অধিবেশনকক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ছাড়া আর কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন না।
এ সময় সরকারি দলের সামনের সারিতে ছিলেন আলী আশরাফ, মহীউদ্দীন খান আলমগীর, রাজিউদ্দিন আহমেদ রাজু ও রহমত আলী। অনুপস্থিত ছিলেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরীও। আর বিরোধী দলের সামনের আসনে ছিলেন কেবল কাজী ফিরোজ রশীদ।