বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার দায় স্বীকার করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ করা উচিত বলে মনে করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ব্যাংকিং খাতে আর্থিক দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে’ ওয়ার্কার্স পার্টি আয়োজিত সমাবেশে দলের নেতারা এসব কথা বলেন।
সমাবেশে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থার দক্ষ ব্যবস্থাপনা ও নিরাপত্তার প্রধান দায়িত্ব অর্থমন্ত্রীর। অর্থমন্ত্রী দায় এড়িয়ে নিজের স্বার্থ রক্ষা করবেন, তা হতে পারে না। তিনি বলেন, অর্থমন্ত্রী রিজার্ভের ৮০০ কোটি টাকার চুরির ঘটনায় গভর্নরকে পদত্যাগ করতে বলেছেন, অথচ হল-মার্ক কেলেঙ্কারির সাড়ে ৪ হাজার কোটি টাকার লোপাটের ঘটনাকে বলেন ‘কিছুই না’।
ফজলে হোসেন বাদশা বলেন, রিজার্ভের টাকা চুরির ঘটনায় অর্থমন্ত্রী কাজের চেয়ে কথা বলছেন বেশি। তিনি নিজের দায় ঢাকার চেষ্টা করছেন।
মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন কামরুল আহসান, মোস্তফা আলমগীর প্রমুখ।