অর্থমন্ত্রীর 'মাইন্ডসেট' পরিবর্তন হয়নি: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অর্থমন্ত্রী ‘প্রতিক্রিয়াশীল’ শব্দের মানে বুঝতে পারবেন না। কারণ তিনি এরশাদের মন্ত্রী ছিলেন এবং কখনো কোনো গণতান্ত্রিক সরকারের মন্ত্রী ছিলেন না। তাঁর ‘মাইন্ডসেট’ (মানসিকতা) এখনো পরিবর্তন হয়নি।
গতকাল শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রিজভী এসব কথা বলেন। ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিস্থিতি তুলে ধরতে দলের পক্ষ থেকে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রস্তাবিত বাজেট ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিজভী বাজেটকে ‘প্রতিক্রিয়াশীল’ আখ্যা দেন। অর্থমন্ত্রী গতকাল শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে রিজভীর বক্তব্যের সমালোচনা করেন। অর্থমন্ত্রী বলেন, যাঁরা মধ্যম অবস্থানে থেকে বামপন্থার রাজনীতি ধারণ করেন, তাঁরা হলেন প্রগতিশীল এবং যাঁরা মধ্যম অবস্থানে থেকে ডানপন্থার রাজনীতি ধারণ করেন, তাঁরা হলেন প্রতিক্রিয়াশীল। আর বাংলাদেশ হলো প্রগতিশীল দেশ।
অর্থমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল রিজভী বলেন, ‘প্রতিক্রিয়াশীল’ শব্দের অর্থ হচ্ছে ‘গণবিরোধী’। রুটি, আটার দাম বাড়ানো, কৃষি যন্ত্রপাতির দাম বাড়ানো এবং বেকারদের কোনো সুযোগ-সুবিধা না থাকায় প্রস্তাবিত বাজেট মানুষের পক্ষে যায়নি। এটাকে ‘প্রতিক্রিয়াশীল’ বলা হয়।
রিজভী বলেন, অর্থমন্ত্রী কখনো রাজনীতি করেননি। ব্যক্তিগত জীবনে আমলা ছিলেন এবং এরশাদের মন্ত্রী ছিলেন, যার কারণে তাঁর এই শব্দের মানে না বোঝারই কথা।