প্রথম ধাপে ৭৩৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে অন্তত ৪১২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন। বেশির ভাগ ইউনিয়নে একজন করে বিদ্রোহী প্রার্থী থাকলেও কোনো কোনোটিতে এই সংখ্যা দুই থেকে পাঁচজন। অর্থাৎ প্রথম ধাপে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রায় ৫৬ শতাংশ।
প্রথম ধাপের ভোট আগামী ২২ মার্চ। আগামী জুনের মধ্যে পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন পরিষদে ভোট হবে। ইতিমধ্যে ২৫টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার পথে রয়েছেন। আর ২৬টিতে একজন করে বৈধ প্রার্থী আছেন। তাঁরাও সবাই আওয়ামী লীগের।
এত বিদ্রোহী প্রার্থী থাকার পেছনে তিনটি কারণকে চিহ্নিত করেছেন আওয়ামী লীগের নেতারা। এক. তৃণমূলে নেতাদের তীব্র প্রতিযোগিতা, দুই. তৃণমূল থেকে জনপ্রিয় প্রার্থীদের বাদ দিয়ে প্রভাবশালী নেতাদের পছন্দের ব্যক্তিকে প্রার্থী হিসেবে নাম পাঠানো এবং তিন. সারা দেশে বিএনপির সাংগঠনিক দুর্বলতা। তৃতীয় কারণ সম্পর্কে দলের নেতারা বলেছেন, বিরোধী পক্ষ শক্তিশালী না হওয়ায় তৃণমূলের নেতারা এক জোট হননি। নিজেদের মধ্যে বিভেদ জিইয়ে রেখেছেন।
আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, চার শতাধিক ইউনিয়নে বিদ্রোহী আছেন বলে বলা হচ্ছে। তবে এটা চূড়
ান্ত হিসাব নয়। এখনো তাঁরা এ ব্যাপারে তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন। তিনি বলেন, সংখ্যা যা-ই হোক, দল চেষ্টা করছে বিদ্রোহী প্রার্থীদের বসিয়ে দিতে। আলোচনার মাধ্যমে এটা করার চেষ্টা করা হচ্ছে। নয়তো তাঁদের বিরুদ্ধে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
অবশ্য বিগত পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়া বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হয়। এরপর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু নির্বাচনের পর দুই মাস পার হলেও এখনো তাঁদের বিরুদ্ধে স্থায়ী কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। আওয়ামী লীগের অনেক নেতাই মনে করছেন, পৌর নির্বাচনে কঠোর হলে ইউপিতে বিদ্রোহী প্রার্থীর এত ছড়াছড়ি হতো না। অবশ্য কোনো কোনো নেতা বলেছেন, তাঁদের আশঙ্কার তুলনায় বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কম হয়েছে। তিন শর মতো ইউনিয়নে চেয়ারম্যান পদে দলের বিদ্রোহী প্রার্থী না থাকাটাও অনেক বড় ব্যাপার। আবার আরেকজন সাংগঠনিক সম্পাদক বিষয়টি একটু অন্যভাবে দেখছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, বিদ্রোহী প্রার্থী থাকলে ২৫টি ইউনিয়নে অন্তত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঠেকানো যেত। তিনি বলেন, যেসব ইউপিতে বিএনপির প্রার্থী নেই, সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকলে তাঁদের বসিয়ে না দিতে স্থানীয় নেতাদের বলা হয়েছে। আওয়ামী লীগ চাইছে ওইগুলোতে যেন চেয়ারম্যান পদে ভোট হয়।
এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। সারা দেশে যত বিদ্রোহী হওয়ার কথা ছিল, তার তুলনায় কম হয়েছে বলেই মনে করি। এঁদের নিয়ে আমরা খুব একটা চিন্তিতও না। এবারই প্রথম দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হওয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে দল ততটা কঠোর না-ও থাকতে পারে।’
ঢাকা বিভাগ: ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ে ঢাকা বিভাগে নির্বাচন হচ্ছে ৮৯টিতে। এর মধ্যে ৫০টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন। টাঙ্গাইলের নাগরপুরে ১২টি ইউনিয়নের মধ্যে ৮টিতে, শেরপুরের নালিতাবাড়ীতে ১২টি মধ্যে ১০টি, জামালপুরের ইসলামপুরে একটির একটিতেই, ময়মনসিংহের ফুলপুরে ১০টির মধ্যে ৫টি, নেত্রকোনার খালিয়াজুরী ৬টির মধ্যে ৬টি, কিশোরগঞ্জ সদরে ১১টির মধ্যে ৭টি, মাদারীপুরের ১৬টির মধ্যে ২টি, মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটিতে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৫টির মধ্যে ৫টি, ঢাকার দোহারে ৫টির মধ্যে ৫টিতেই বিদ্রোহী প্রার্থী আছেন।
সিলেট বিভাগ: সিলেট সদরের আটটি ইউনিয়নের মধ্যে ছয়টিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন।
খুলনা বিভাগ: খুলনা বিভাগের ২৫২টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এর মধ্যে ১২৮টিতে বিদ্রোহী প্রার্থী আছেন। খুলনায় ৬৭টির মধ্যে ৩৭টিতে, বাগেরহাটের ৭৪টির মধ্যে একটিতেও না, সাতক্ষীরার ৭৮টির মধ্যে ৭৭টি, কুষ্টিয়ার মিরপুরের ১১টির মধ্যে ৫টি, ঝিনাইদহের কোটচাঁদপুরের ৫টির মধ্যে ৩টি, যশোরের মনিরামপুরের ১৭টির মধ্যে ৬টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন।
বরিশাল বিভাগ: এই বিভাগের মোট ২৭৩টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। এর মধ্যে ১৬৪টিতে বিদ্রোহী প্রার্থী আছেন। পিরোজপুরের ৪০টির মধ্যে ২৯টিতে, পটুয়াখালীর ৫০টির মধ্যে ৩৬টি, ঝালকাঠির ৩১টির মধ্যে ২২টি, বরগুনার ৩৫টির মধ্যে ২১টি, বরিশালের ৭৪টির মধ্যে ৫৬টিতে বিদ্রোহী প্রার্থী আছেন।
রাজশাহী বিভাগ: এখানে ৩১টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন ১৪টিতে। বগুড়ার সারিয়াকান্দির ১২টি ইউনিয়নের মধ্যে ২টিতে বিদ্রোহী প্রার্থী আছেন। দুপচাঁচিয়ায় একটিতে ভোট হচ্ছে। সেখানে কোনো বিদ্রোহী নেই। সিরাজগঞ্জের ৯টির মধ্যে ৪টিতে, পাবনার বেড়ার ৯টির মধ্যে ৮টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন।
রংপুর বিভাগ: এই বিভাগে ১৫টি ইউনিয়নে ভোট হবে। বিদ্রোহী আছেন মোট ১২টিতে। এর মধ্যে দিনাজপুরে ৭টির মধ্যে ৭টিতে এবং পঞ্চগড়ে ৭টির মধ্যে ৫টিতে বিদ্রোহী প্রার্থী আছেন। রংপুরের একটিতে ভোট হচ্ছে। সেখানে বিদ্রোহী প্রার্থী নেই।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের মোট ৭১টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। ৩৮টিতে বিদ্রোহী আছেন। এর মধ্যে কক্সবাজারের ১৯টির মধ্যে ৮টিতে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্ছারামপুরের ১৭টির মধ্যে ১১টি, নোয়াখালীর ১৫টির মধ্যে ৬টি, কুমিল্লার দেবীদ্বারে ১৩টির মধ্যে ৯টি, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটির একটিতেই, লক্ষ্মীপুরের রামগতিতে নেই, তবে কমলনগরে তিনটিতে বিদ্রোহী প্রার্থী আছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার নজির: প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে এখন পর্যন্ত আওয়ামী লীগের ২৫ জন প্রার্থী বিজয়ের পথে। মনোনয়নপত্র বাছাইয়ের পর তাঁদের আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণাটা বাকি। এ ছাড়া মনোনয়নপত্র বাছাইয়ের পর অন্য প্রার্থীদের প্রার্থিতা বাতিল হওয়ায় আরও ২৬টি ইউনিয়নে কেবল একজন প্রার্থী আছেন, যিনি আওয়ামী লীগের।কিন্তু মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের নির্বাচন কমিশনে আপিল ও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে। ফলে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেন কি না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
এত বেশিসংখ্যক ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় প্রার্থীদের নির্বাচিত হওয়ার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর বলেন, তাঁদের দলের সাংগঠনিক অবস্থা এখন অনেক শক্তিশালী। মাঠপর্যায়ে দল অনেক সংগঠিত ও জনপ্রিয়। এ কারণে কিছু ইউনিয়নে তাঁদের দলের প্রার্থী ছাড়া অন্য দল বা স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করেননি।
নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা তাঁদের জানামতে নেই। ২০১১ ও ২০০৩ সালের নির্বাচনে এ ধরনের ঘটনা দেখা যায়নি। নির্বাচন কমিশনের কাছে থাকা তথ্য থেকে এই দুবারের নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—এমনটা দেখা যায়নি। এ ছাড়া ১৯৭৩, ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯৭ সালেও দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনগুলোর তথ্য নির্বাচন কমিশন ও নির্বাচন নিয়ে কাজ করে—এমন বেসরকারি সংস্থার কাছে সংরক্ষিত নেই। তবে তারা মনে করে, এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয়ভাবে হয়নি। এ কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হওয়ার কারণ ছিল না। তাদের মতে, দলীয়ভাবে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বহু নজির আছে। পাশাপাশি দলীয়ভাবে অনুষ্ঠিত প্রথম পৌরসভা নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার নজির ছিল।
জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে দেখেননি। আর এত বেশিসংখ্যক জায়গায় তো প্রশ্নই ওঠে না। তিনি বলেন, এভাবে মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা বিগত ১৫ বছরের মধ্যে হয়েছে বলে জানা নেই।