
>চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার একাংশ) আসনে এলডিপি সভাপতি অলি আহমদ এবং আওয়ামী লীগের বর্তমান সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। ২২ বছর পর আবার মুখোমুখি হচ্ছেন দুই নেতা। তাঁদের সঙ্গে কথা বলেছেন একরামুল হক
নজরুল ইসলাম চৌধুরী ২০১৪ সালে অনুষ্ঠিত একতরফা নির্বাচনে আওয়ামী লীগের সাংসদ হন। এর আগে ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচন এবং একই বছরের উপনির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি। দলের মধ্যে তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি উজ্জ্বল ছিল। কিন্তু গত পাঁচ বছরে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে কয়েকটি ধারার সৃষ্টি হয়। একটি ধারায় নেতৃত্বে তিনি। ফলে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা তাঁর জন্য বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে জাতীয়ভাবে পরিচিত এলডিপির সভাপতি অলি আহমদের বিরুদ্ধে লড়তে যাচ্ছেন তিনি। মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত তাঁর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠে। সাংসদ নজরুল ইসলাম চৌধুরী এসব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোর সঙ্গে খোলামেলাভাবে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।
অলির অভিযোগ প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, ‘তিনি (অলি আহমদ) অসত্য তথ্য দিয়েছেন। আমি কখনো আচরণবিধি ভঙ্গ করিনি। মিছিল করে মনোনয়নপত্র দাখিল কিংবা চেয়ারম্যান–মেম্বারদের আমার বাড়িতে ডেকে আনার বক্তব্য সত্য নয়। আমাকে ঘায়েল করতে অপপ্রচার চলছে। কিন্তু এলাকাবাসী সব ঘটনার সাক্ষী।’
অলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে এ প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘২০১৪ এবং ২০১৮ সাল এক রকম নয়। আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে। বিএনপি–ঐক্যফ্রন্টসহ সব রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নির্বাচনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। উৎসবের মধ্যে ভাটা আনার জন্য আওয়ামী লীগ এবং আমার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ আনা হচ্ছে। তিনি (অলি আহমদ) ঢাকায় বসে এসব অভিযোগ করছেন। গ্রামে তিনি কম আসেন। আর আমি গ্রামের মানুষের মাঝে আছি। এসব কাল্পনিক অভিযোগে ভীত নই। তবে অলির সঙ্গে লড়াই জমবে।’
নজরুল ইসলাম চৌধুরী মনে করেন, তাঁর আমলে চন্দনাইশে উন্নয়ন হয়েছে। আরও অনেক প্রকল্প বাস্তবায়নাধীন। অসমাপ্ত কাজ শেষ করতে এলাকার লোকজন তাঁকে আবার নির্বাচিত করবে বলে তাঁর বিশ্বাস।