অসহায় নেতা কর্মীদের পাশে দাঁড়ান: নোমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিথ্যা মামলা ও হামলার শিকার অসহায় নেতা-কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের ভিআইপি টাওয়ারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
নেতা-কর্মীদের উদ্দেশে নোমান বলেন, এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারের পায়ের নিচে মাটি নেই। তাই দমনপীড়নের মাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনের নিরীহ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। ঈদের আগেই গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান তিনি।
নোমান বলেন, দলের অনেকে কারাগারে আছেন। অনেকে হুলিয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অসহায় নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে বিএনপির নেতা এ এম নাজিম উদ্দীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, এম এ সবুর, মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।