অসুস্থ লিখনের পাশে সেতুমন্ত্রী কাদের

শিশুটির বয়স আট বছর। কিন্তু দেখে মনে হতে পারে তার বয়স তিন থেকে চার বছর। জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেওয়ায় তার শরীরের হাড় ভেঙেছে ৩২ বার। এ কারণে সে এখনো দাঁড়াতে ও হাঁটতে পারে না।
শিশুটির নাম লাবিদ আল লিখন। তার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন ছাপানো হয় আজকের প্রথম আলোর ছাপা সংস্করণে। এটি নজরে আসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। তিনি শিশুটির চিকিৎসার জন্য নগদ ৮০ হাজার টাকা তুলে দেন লিখনের বাবা মো. আবদুল ওয়াহাবের হাতে। চিকিৎসার জন্য বাকি টাকা সহায়তার আশ্বাসও দেন তিনি।
ছেলের চিকিৎসার জন্য সহায়তা পেয়ে তার মা নিলুফা ইয়াসমিন কেঁদেই সারা। কান্নার কারণ হিসেবে তিনি বললেন, গত পাঁচ বছর ধরে ছেলের চিকিৎসা করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে আসা-যাওয়ার মধ্যে থাকেন তিনি। টাকা সাহায্য পেয়ে তিনি খুশি। তবে তাঁর চাওয়া—লিখন যেন হাঁটতে পারে। এ কথা বলতে বলতে চোখ আর্দ্র হয়ে ওঠে তাঁর।
লিখনের বাবা মো. আবদুল ওয়াহাব ছেলের চিকিৎসার টাকা পেয়ে আনন্দিত। তিনি চান তাঁর ছেলে পুরোপুরি সুস্থ হয়ে উঠুক। সাহায্যের আবেদনে সাড়া দেওয়ায় তিনি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
আর্থিক সহায়তা দেওয়ার সময় ওবায়দুল কাদের চিকিৎসকদের কাছে লিখনের বর্তমান অবস্থা জানতে চানতে চান। এরপর তিনি বলেন, প্রাথমিক চিকিৎসার জন্য এ টাকা দেওয়া হলো। চিকিৎসা শুরু হোক, পরে যা লাগবে সে টাকাও দেওয়া হবে।
এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক মো. শামসুজ্জামান, সারওয়ার ইবনে সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।