অস্তিত্ব রক্ষায় বিএনপি নির্বাচনে আসবে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক সাতই মার্চ। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী দল ও সংগঠনের ব্যানারে উপস্থিত হাজারো মানুষ ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
গতকাল মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুক্তিযুদ্ধ মানে না বলেই সাতই মার্চ পালন করে না।
বঙ্গবন্ধু ভবনসহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ দিবসটির কর্মসূচি শুরু করে। সকাল সাতটায় আওয়ামী লীগ নেতারা ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ওবায়দুল কাদের সাতই মার্চের ভাষণ নিয়ে বলেন, ‘এটিই ছিল প্রকৃত স্বাধীনতার ঘোষণা। অথচ বিএনপি এটা উপলব্ধি করে না।’
বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি ছিলেন। বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা মোজাফ্ফর হোসেন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের কী প্রয়োজন, বিএনপিকে ভয় দেখিয়ে নির্বাচনে নিয়ে আসা? বিএনপি তার নিজের প্রয়োজনে, অস্তিত্ব রক্ষায় নির্বাচনে আসবে।’
ভয় দেখিয়ে বিএনপিকে নির্বাচনে আনতে চায় সরকার—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কাউকে ভয় দেখাতে হবে না। আপনাদের ঘরেই ভয়ের কারণ রয়েছে। আপনাদের নেতারা, নেতাদের বিশ্বাস করে না। একজন আরেকজনকে বলে সরকারের এজেন্ট। আওয়ামী লীগের এজেন্ট।’ দেশব্যাপী আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনও সাতই মার্চ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।