অস্ত্র ব্যবসায়ীদের তালিকায় বিএনপি নেতারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সরকারের একটি গোয়েন্দা সংস্থা অস্ত্র ব্যবসায়ীদের তালিকা তৈরি করেছে। সেই তালিকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোয়েন্দা সংস্থা নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেমসহ বেশ কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করেছে। নেতাদের অভিযোগ, মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে বিএনপির নেতাদের নাম অস্ত্র ব্যবসায়ী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়। এ ছাড়া বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে বিক্ষোভ সমাবেশ করে নগর যুবদল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ প্রমুখ।
সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন বলেন, উদ্দেশ্যমূলকভাবে গোয়েন্দা সংস্থার করা তালিকায় নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম, স্বেচ্ছাসেবক দলের নেতা এস কে খোদা তোতন, ছাত্রদলের সাবেক নেতা টিংকু দাশ, শওকত আজমের নাম রাখা হয়েছে। এ-সংক্রান্ত সংবাদ কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের অস্ত্রবাজ বানিয়ে সরকার বিরোধী মতের কণ্ঠ রোধ করতে চায়।
শাহাদাত হোসেন বলেন, সিআরবি এলাকায় জোড়া খুন, জামালখানসহ নগরের বিভিন্ন জায়গায় সরকারি দলের নেতা-কর্মীদের অস্ত্রবাজির কারণে জনজীবন অতিষ্ঠ। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব দেখছে না। সরকারি দলের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না।
কোন গোয়েন্দা সংস্থা তালিকাটি করেছে, তার নাম জানতে চাইলে শাহাদাত হোসেন বলেন, ‘সরকারের একটি গোয়েন্দা সংস্থা তালিকা করেছে। বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশিত হলে আমরা জানতে পারি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নাকি এই তালিকা আছে।’
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মো. তানভীর প্রথম আলোকে বলেন, বিএনপির নেতারা কিসের ভিত্তিতে এই অভিযোগ করেছেন, তা তাঁরাই ভালো বলতে পারবেন।
এদিকে গতকাল বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে নগর যুবদল। এতে সভাপতিত্ব করেন যুবদলের নগর কমিটির সভাপতি কাজী বেলাল। সমাবেশে যুবদল ও ছাত্রদলের নেতারা বক্তৃতা করেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করছে। একজন রাজনীতিবিদকে অস্ত্র বিক্রেতা বানিয়ে বিরোধী কণ্ঠ দমন করতে চায়।