
রাজধানীর গুলিস্তানের ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় ফাঁকা গুলিবর্ষণ করা ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
গতকাল সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গুলিস্তানে হকার উচ্ছেদ নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় গতকাল রাতে পল্টন থানায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার বাদী হকার মো. সিরাজ। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এদিকে গতকাল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক প্রস্তুতি সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘হঠাৎ পত্রিকায় দেখা গেল অস্ত্রধারী একজনকে। নেত্রী তখন পরিষ্কারভাবে বলে দিলেন, কোনো শোকজ কিংবা সাসপেন্ড নয়। তাদের বিরুদ্ধে বহিষ্কার এবং আইনগত ব্যবস্থা। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ছাত্রলীগ ব্যবস্থা নিয়েছে। সম্মেলনের পর এটা আমাদের প্রথম অ্যাকশন। অপেক্ষা করুন।’
গত ২৭ অক্টোবর গুলিস্তান এলাকায় সড়ক ও ফুটপাত থেকে পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই উচ্ছেদের সময় ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের সঙ্গে ওই এলাকার হকারদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ হয়। একপর্যায়ে ওই যুবকদের মধ্যে সাব্বির হোসেন ও আশিকুর রহমানকে আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলিবর্ষণ করতে দেখা যায়।
ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা প্রথম আলোকে বলেন, ‘দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাব্বির হোসেন ও আশিকুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।’
আবার দখল: ২৭ অক্টোবর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাসট্যান্ডের আশপাশের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করলেও গতকাল বিকেল চারটায় সেখানে দেখা গেছে, সড়ক ও ফুটপাত দখল করে আগের মতোই মালামাল নিয়ে বসেছেন ছয়-সাত শতাধিক হকার। জাতীয় গ্রন্থকেন্দ্র, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পীর ইয়ামেনি মার্কেট এবং খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের সামনের ফুটপাত দখল করে বসেছেন হকাররা। ফলে সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা।