অস্ত্রের ভাষা প্রয়োগ করলে ভিন্ন পন্থা: রিজভী
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার অস্ত্রের ভাষা প্রয়োগ করলে বিএনপিকেও ‘ভিন্ন পন্থা’ অবলম্বন করতে হবে।
আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘আমাদের আন্দোলন শুরু হবে শান্তিপূর্ণভাবে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। একটি সরকার যদি একনায়কোচিত হয়, তাহলে তার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি দেওয়ার অধিকার বিরোধী দলের আছে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা সেই অধিকারই প্রয়োগ করব। কিন্তু সরকার যদি অস্ত্রের ভাষা প্রয়োগ করে, তখন তো আর খালি হাতে দাঁড়িয়ে থাকা যায় না। তখন ভিন্ন পন্থা অবলম্বন করতেই হয়।’
রিজভী জানান, শিগগির আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করা হবে। বিএনপির স্থায়ী কমিটি ও দলটির নেতৃত্বাধীন জোটের বৈঠক শেষে চূড়ান্ত কর্মসূচি জানানো হবে।
রিজভী অভিযোগ করেন, সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া জোরপূর্বক ক্ষমতায় বসে আছে। মন্ত্রীদের ‘লাগামহীন’ কথাবার্তায় কোনো লাভ হবে না। অবশ্যই তাদের ক্ষমতা ছাড়তে হবে।