অস্থায়ী চায়ের দোকান, বিল দেন প্রার্থীরাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের ভেতরে, সড়কের ধারে ও মোড়ে মোড়ে দোকান। সবগুলোই অস্থায়ী। পণ্য বলতে চা-বিস্কুট ও পান-সিগারেট। সেখানে কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাবিক্রি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে রংপুরের বদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনাচকানাচে বসানো হয়েছে এমন বহু মৌসুমি দোকান। প্রার্থীরা প্রচারণায় এলেই দোকানগুলোতে ভিড় বেড়ে যায়। চা-বিস্কুট ও পান-সিগারেট খাওয়ার বিল দেন প্রার্থী বা তাঁদের কর্মীরাই, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
বদরগঞ্জের ১০টি ইউপিতে ২৮ মে ভোট হবে। উপজেলার তিনটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, গ্রামে গ্রামে এমন মৌসুমি দোকান বসানো হয়েছে। এর বেশির ভাগের উদ্যোক্তা এলাকার বেকার যুবকেরা।
দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি পলিপাড়া গ্রামে অন্তত ১৫টি অস্থায়ী চা-পানের দোকান বসেছে। দামোদরপুরের চম্পাতলী গ্রামে একটি দোকান দিয়েছেন শিক্ষিত যুবক হরে কৃষ্ণ (২৮)। তিনি বলেন, ‘প্রার্থীর কর্মী-সমর্থক ও সাধারণ অনেক ভোটার এখন সারা দিন চা-পান খান। তাই কিছু লাভের আশায় ভোটকেন্দ্রিক চা-বিস্কুট ও পানের দোকান দিয়েছি। বিক্রিও হচ্ছে প্রচুর।’
উপজেলার দামোদরপুর ইউপির কালীডাঙ্গা এলাকার একটি মোড়ে এমন একটি দোকান বসিয়েছেন বেকার যুবক ইদ্রিস আলী (৩৫)। গত রোববার সন্ধ্যায় সেখানে গিয়ে দেখা গেল, বেশ কয়েকজন নির্বাচনী আড্ডায় মশগুল। সবার হাতে চা-বিস্কুট। পরিচয় নিয়ে জানা গেল, তাঁদের মধ্যে একজন ইউপি সদস্য প্রার্থীও রয়েছেন। জানতে চাইলে আড্ডারত ভোটার লিয়াকত হোসেন এই প্রতিবেদককে বলেন, ওই প্রার্থীই তাঁদের খাওয়াচ্ছেন। তবে এতে তিনি দোষের কিছু দেখেন না। কারণ, প্রার্থীরা সন্তুষ্ট হয়েই তাঁদের চা-বিস্কুট খাওয়ান।
ভোটারদের খাওয়ানো নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলে। আবার কিছু প্রার্থী ভোটারদের হাতে সরাসরি ‘চা-নাশতা’র টাকা তুলে দেন।
তবে দামোদরপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী সফিকুল ইসলাম বলেন, অনেক ভোটার দোকানের আশপাশে ঘুরঘুর করেন। বাধ্য হয়ে প্রার্থীদের সেখানে যেতে হয়। তখন কেউ কিছু খেতে চাইলে ‘না’ করা যায় না।
দামোদরপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহমান বলেন, সাধারণ ভোটারদের কোনো দোষ নেই। দোষ কতিপয় অসাধু প্রার্থীর। তাঁরাই ভোটারদের হাতে ‘চা-নাশতা’র টাকা তুলে দিচ্ছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী প্রথম আলোকে বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী ভোটারদের খাওয়াতে বা নগদ টাকা দিতে পারেন না। প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।